তবু প্রস্তুত ব্রাজিল
ইতিহাসের সবচেয়ে খরুচে বিশ্বকাপ এবারের ব্রাজিল বিশ্বকাপ। এই টুর্নামেন্ট আয়োজনে ব্রাজিল সরকারের খরচ পড়ছে ১১ বিলিয়ন ডলার৷ এ নিয়ে বিরোধীদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে প্রেসিডেন্ট দিলমা রুসেফকে। অনেক ব্রাজিলিয়ানই মনে করেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে খরচ জোগাতে হিমশিম খাওয়া সরকারের এমন একটি আয়োজন না করলেও চলত৷ বিশ্বকাপযজ্ঞের বিরোধিতা করে তাঁরা নেমে এসেছেন রাজপথেও। তবে আশাবাদীদের কথা, খেলা শুরু হলেই এসব হাওয়ায় মিলে যাবে৷ আর যারা বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করছেন তাঁদের প্রেসিডেন্ট রুসেফ বলেছেন, ‘ব্রাজিলিয়ানদের জন্যই আমরা এত সবকিছু করেছি। পর্যটকেরা তো এসব উন্নয়ন ব্যাগে ভরে নিয়ে যাবেন না।’
বিশ্বকাপ উপলক্ষে নতুন ঢঙে সেজেছে ব্রাজিলের ১২টি রাজ্য। ঢেলে সাজানো হয়েছে বিমানবন্দরসহ রাস্তাঘাট। পর্যটকেরা যাবেন, খেলা দেখবেন, উপভোগ করবেন ব্রাজিলের পাহাড় আর সমুদ্রের সৌন্দর্য। প্রেসিডেন্টের কথা তো ঠিকই! চাইলেও তো এসব কেউ নিজ দেশে নিয়ে যেতে পারবে না। বিমানবন্দরের জায়গায় রয়ে যাবে বিমানবন্দর।
কিন্তু সমস্যা যে অন্য জায়গায়! অভিযোগ উঠেছে, এসব উন্নয়নকাজ গিয়ে করতে দুর্নীতির পথে হেঁটেছে কর্তৃপক্ষ। যদিও দুর্নীতিবাজদের হুঁশিয়ার করে দিয়ে রুসেফ বলেছেন, ‘উল্টাপাল্টা কিছু নজরে আসলে ছাড় দেওয়া হবে না। দুর্নীতিবাজকে শাস্তি পেতে হবে।’ আরেকটা অভিযোগ, বিশ্বকাপ একেবারে দোরগোড়ায় আসার পরও নাকি অনেক প্রস্তুতি এখনো অসম্পূর্ণ৷ রুসেফ এই অভিযোগও উড়িয়ে দিয়ে জানাচ্ছেন, তিন বছর ধরে ১২টি স্টেডিয়াম তৈরির কাজে দিনরাত খেটে যাচ্ছে সবাই। সব ঠিক আছে। এবার অতিথিদের বরণ করে নেওয়ার পালা।
সমালোচকেরা যত যা-ই বলুন, প্রেসিডেন্টের চোখে বিশ্বকাপকে বরণ করে নিয়ত প্রস্তুত ব্রাজিল। প্রস্তুত সারা বিশ্বের ফুটবলপ্রেমী। বিশ্বকাপ আয়োজনে ব্রাজিল কতটুকু সফল কিংবা কতটুকু বিফল; সেটার ব্যবচ্ছেদ না হয় বিশ্বকাপ শেষেই করা যাবে। আপাতত খেলা দেখার পালা।