তবু প্রাপ্তি দেখছে আলজেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটু আগেই রেফারি বাজিয়ে দিয়েছেন স্বপ্নভঙ্গের বাঁশি। মুহূর্তেই পরাজয়ের বেদনা গ্রাস করল আলজেরিয়ার ফরোয়ার্ড সোফিয়ান ফেগুলিকে। পরশু পোর্তো আলেগ্রেতে, জার্মানির কাছে আলজেরিয়ার হারের পর l এএফপি
একটু আগেই রেফারি বাজিয়ে দিয়েছেন স্বপ্নভঙ্গের বাঁশি। মুহূর্তেই পরাজয়ের বেদনা গ্রাস করল আলজেরিয়ার ফরোয়ার্ড সোফিয়ান ফেগুলিকে। পরশু পোর্তো আলেগ্রেতে, জার্মানির কাছে আলজেরিয়ার হারের পর l এএফপি

এত কাছে তবু কত দূরে—শূন্যে তাকিয়ে হয়তো এমন কিছুই ভাবছিলেন আলজেরিয়ার খেলোয়াড়েরা। অভাবনীয় কিছু করে দেখানোর মঞ্চ ছিল প্রস্তুত। তবু আসি আসি করে এল না কাঙ্ক্ষিত সাফল্য। শেষ পর্যন্ত জার্মানি ছোঁ দিয়ে নিয়ে গেল জয়টা। হতাশা গ্রাস করবে আলজেরিয়ানদের, সেটাই তো স্বাভাবিক। তবে অর্জনের পাল্লাটা কম ভারী নয় ‘ডেজার্ট ফক্স’দেরও। প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলতে আসা আলজেরিয়া তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেভাবে নাকানি-চুবানি খাওয়াল, তা নিয়ে গর্বিত হতে পারে গোটা আলজেরিয়াই।
আলজেরিয়া ডিফেন্ডার মাজিদ বুগেরা বলছিলেন, ‘অসামান্য কিছুর খুব কাছাকাছি চলে এসেছিলাম আমরা। জার্মানির মতো দলের বিপক্ষে ৯০ মিনিট পর্যন্ত সমানতালে খেলেছি। দেখিয়েছি আমাদের দক্ষতা ও শক্তিমত্তা। আমরা যা করে দেখিয়েছি, তাতে আমি ভীষণ গর্বিত।’ তবে কিছুটা হলেও হতাশা থাকছেই। ম্যাচের ১৭ মিনিটে ইসলাম স্লিমানির দেওয়া গোলটা যে অফসাইডের কারণে বাতিল হয়ে যায়! ওই গোলটি পেলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত বলেই বুগেরার বিশ্বাস, ‘প্রথমার্ধের ওই গোল আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারত। অনেক সুযোগ তৈরি করেছি আমরা। কিন্তু শেষ পর্যন্ত হলো না। আমরা ওদের দুটি গোলেরই দারুণ জবাব দিয়েছি। যখন একটি দল এভাবে হৃদয় নিংড়ে খেলে, সেটাই সাফল্যের ভিত হয়ে দাঁড়ায়।’
জার্মানি দুবার বল জালে জড়িয়েছে। তবু ম্যাচজুড়ে দুর্দান্ত কিছু সেভের জন্য সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আলজেরিয়ান গোলরক্ষক রাইস এমবোলহি। দলের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন তিনিও, ‘আমরা এখন আলজেরিয়া ফুটবল ইতিহাসের অংশ, কারণ প্রথম দল হিসেবে আমরাই এতটা পথ পাড়ি দিয়েছি। এখন থেকেই ভবিষ্যতের জন্য নির্মাণপ্রক্রিয়া শুরু করতে হবে।’ সতীর্থদের নিয়ে গর্বিত এমবোলহি, ‘আমরা শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে সমানতালে খেলেছি। সতীর্থদের ধন্যবাদ।’ কৃতজ্ঞতা ঝরে পড়ল কোচের জন্যও, ‘তিনি আমাদের জন্য যা করেছেন, তার জন্য ধন্যবাদ তাঁর প্রাপ্যই।’ ফিফাডটকম, গোলডটকম।