তবু প্রেরণা ত্রিদেশীয় সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকেট দেখেছেন? ‘দেখলাম।’ কেমন মনে হলো? ‘ভাই, আমি উইকেট বুঝি না। উইকেট নিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করা ভুল হবে।’ উত্তরদাতা সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে টসে জিতে সাকিবের প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তের পর অনেক ঝড়-ঝাপটা সইতে হয়েছে তাঁকে। এ কথায় তাই বাংলাদেশ দলের সতর্ক এক অধিনায়ককেই পাওয়া যায়। রাজধানীর ‘শিশির-কাহিনি’ পেছনে ফেলে চট্টগ্রামে এসে সাকিব বাহিনী কুয়াশার মুখোমুখি। কুয়াশার কারণে চট্টগ্রাম ছুঁতেই প্রায় ঘণ্টা দেড়েক বিলম্ব হলো তাদের। মেঘ-রোদ্দুরের লুকোচুরির মধ্যে দুপুর আড়াইটায় প্র্যাকটিস শুরু করে বাংলাদেশ।উইকেট কিংবা কুয়াশাচ্ছন্ন পরিবেশ নিয়ে কোনো মন্তব্য না করলেও সাকিব কিছু ‘যদি’র নির্ভরতায় ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ড্র করার স্বপ্ন দেখছেন। তাঁর প্রেরণা সদ্যসমাপ্ত ত্রিদেশীয় সিরিজে নিজেদের ব্যাটিং।এই ভারতের বিপক্ষেই ২০০০ সালে বাংলাদেশের টেস্ট অভিষেক। সেই থেকে পাঁচবার মুখোমুখি হয়ে বৃষ্টির কল্যাণে চট্টগ্রাম টেস্ট ড্র ছাড়া আর কোনো অর্জন নেই স্বাগতিকদের ভান্ডারে। ২০০৭ সালের জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে ওই ড্রয়ের কৃতিত্ব সাকিব নিজেও দিলেন বৃষ্টিকে। তবে এবার তাঁর আশা, বাংলাদেশ সামর্থ্য অনুযায়ী খেলে ড্র করবে ভারতের সঙ্গে, ‘ড্র করতে পারলে তো খুবই ভালো। আমার দৃঢ় বিশ্বাস, আমরা শেষ সিরিজে কিংবা শেষ টেস্টে যে ধরনের ব্যাটিং করেছি সেটা যদি সবাই করতে পারি, অবশ্যই ড্র করা সম্ভব।’ নিজেদের ব্যাটিংয়ের একটা সম্ভাব্য ছবিও এঁকে দিলেন অধিনায়ক, ‘যদি দুই ইনিংসে ৭০০ রান করতে পারি তাহলে সম্ভব।’সদ্যসমাপ্ত ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ব্যাটিং ছিল প্রশংসনীয়। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে ২-০-তে টেস্ট সিরিজ জয়ের প্রেরণা তো সঙ্গে আছেই। কিন্তু ওই দুটি টেস্টে খর্বশক্তির দলটির বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং কি সত্যি মানোত্তীর্ণ ছিল? একবার দেখে আসা যাক স্কোরকার্ডগুলো। প্রথম টেস্টে ২৩৮ ও ৩৪৫ এবং দ্বিতীয় টেস্টে ২৩২ ও ২১৯ রানে ৬ উইকেট। তার পরও টেস্ট সিরিজ জয় বলে কথা।তবে ব্যাটিং বাংলাদেশ দলকে যতটা নির্ভরতা জোগাচ্ছে, মাশরাফিবিহীন বোলিং উদ্বেগের কারণ হচ্ছে ততটাই। ভারতের অভিজ্ঞ ব্যাটিং লাইনআপের চোখ রাঙানিটা আগে থাকতেই যেন দেখা যাচ্ছে এই বোলিংয়ের কারণে। সাকিবের অন্যতম ‘যদি’ও এই বোলিং, ‘ওদের ব্যাটিং লাইনআপ অনেক বড় ও সংগঠিত। সে অনুযায়ী আমাদের কোয়ালিটি বোলার কম। তার পরও আমরা যদি আমাদের সেরা বোলিংটা করতে পারি তাহলে ভালো একটা ম্যাচ হবে।’তবে যে উইকেটে ম্যাচ হবে সেই উইকেট নিয়ে সাকিবের মতো কোনো কথা বলতে রাজি হননি কিউরেটর শফিউল আলম বেলাল। তিনি শুধু বললেন, ‘তিন নম্বর উইকেটে ম্যাচ হবে। ম্যাচের এখনো তিন দিন বাকি। এখনই কিছু বলা যাচ্ছে না।’গতকাল তামিম ইকবাল, ইমরুল কায়েসের পাশাপাশি শাহরিয়ার নাফীসও নেটে ঘাম ঝরিয়েছেন। তবে এবার প্র্যাকটিস উইকেটের পাশাপাশি মূল উইকেটের পাশের একটি পিচেও নেট প্র্যাকটিস করেছেন সাকিব, আশরাফুল, মুশফিকরা।এদিকে ত্রিদেশীয় সিরিজের অবশিষ্ট দলের সঙ্গে যোগ হওয়া শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, ইশান্ত শর্মাদের নিয়ে ভারতও ঢাকা থেকে চট্টগ্রাম পা রেখেছে কাল বিকেলে। শ্রীলঙ্কাকে সিরিজে হারিয়ে সদ্যই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ভারত। এই শ্রেষ্ঠত্ব যেমন ধরে রাখতে চাইবে ভারত, তেমন দলটির অনেকের চোখেই থাকবে ব্যক্তিগত অর্জনের ভান্ডার আরও সমৃদ্ধ করার স্বপ্ন।