তবু ফার্গুসনের সেরা ইংলিশ লিগ
প্রথম গেল লিভারপুল। গ্রুপ পর্ব থেকেই বিদায় ‘অল রেড’দের। দ্বিতীয় রাউন্ডে কাটা পড়ল চেলসি। কোয়ার্টার ফাইনালে এসে ছিটকে পড়ল আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডও। ২০০৩ সালের পর এই প্রথম কোনো ইংলিশ ক্লাব নেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। তা হোক, তবু ইংলিশ লিগকেই ইউরোপের সেরা ভাবেন ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন।এই দশকে চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ক্লাবগুলোর ছিল জয়জয়কার। ২০০৪ সাল থেকে টানা ৬ বছর কোনো না কোনো ইংলিশ ক্লাব ছিল সেমিফাইনালে। গত তিনবার তো চার সেমিফাইনালিস্টের তিনটিই ছিল ইংলিশ ক্লাব। ২০০৫ সাল থেকে প্রতি বছরই ফাইনালে ছিল ইংল্যান্ডের প্রতিনিধিত্ব। এর মধ্যে দুটি দল শিরোপাও ঘরে তুলেছে—২০০৫ সালে লিভারপুল, ২০০৮-এ ‘অল ইংলিশ’ ফাইনাল জিতেছিল ম্যানইউ। কিন্তু এবার সেমিফাইনালের আগেই ঝরে পড়ল সবাই।কোয়ার্টার ফাইনালটাই এবার হাজির হয়েছিল বৈচিত্র্য নিয়ে। রাশিয়া আর ফরাসি ক্লাবগুলো ভালোভাবে উঠেছিল শেষ আটে। একটি কোয়ার্টার ফাইনাল তো ছিল দুই ফরাসি ক্লাবেরই লড়াই। সবকিছু মিলিয়ে কথা উঠেছে এবার ইংলিশ ক্লাবগুলোর ব্যর্থতা নিয়ে। ইংলিশ ক্লাবগুলো কেন পারল না? এই প্রশ্নের জন্য যেন তৈরিই ছিলেন ফার্গুসন, ‘আমি নিশ্চিত, আপনারা এর মধ্যে কোনো রহস্য খুঁজে বের করবেন। প্রতিটি ইংলিশ ক্লাবই সেমিফাইনালে ওঠার আশা করেছিল। যেমনটা সাত বছর ধরে করে এসেছে। আমার মনে হয় না এটা ইংলিশ লিগে কোনো ছায়া ফেলবে। এখনো এটাই ইউরোপের সেরা লিগ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণও। জীবনে সবসময়ই আপনি যা চাইবেন, সেটা পাবেন না। আমরা এখন এই সমস্যাটাতেই ভুগছি।’ এএফপি।