তবু ফেদেরারই শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই বছরে কোনো গ্র্যান্ড স্লাম জেতেননি। দুবাই ওপেন, জার্মানিতে গ্যারি ওয়েবার ওপেন আর সিনসিনাটি মাস্টার্স মিলিয়ে এ বছর সাকল্যে তিনটি শিরোপা। এটিপি র্যা ঙ্কিংয়েও জোকোভিচ আর নাদালের পর ৩ নম্বরে রজার ফেদেরার। কিন্তু তাতে কী! আয়ের দিক থেকে সেই ফেদেরারই তো বাকি সবাইকে ছাড়িয়ে টেনিস বিশ্বে সবার ওপরে।
পরশু প্রকাশিত ফোর্বস সাময়িকীর সর্বশেষ হিসাব অনুযায়ী গত বছর জুলাই থেকে এ বছর জুন পর্যন্ত ফেদেরার আয় করেছেন ৪২.৬ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩৫ কোটি ৬১ লাখ টাকা। এর সিংহভাগই অবশ্য এসেছে রোলেক্স আর নাইকির মতো প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে।
মেয়েদের মধ্যে গত এক বছরে আয়ের দিক থেকে শীর্ষস্থানটা রাশিয়ান মারিয়া শারাপোভার। ছেলে ও মেয়েদের যৌথ তালিকায় তাঁর অবস্থান চতুর্থ। ৫টি গ্র্যান্ড স্লাম জেতা শারাপোভা এই সময়ে আয় করেছেন ১৮৯ কোটি ১৭ লাখ টাকা। এএফপি।
পুরুষ
আয় (টাকা)
রজার ফেদেরার ৪৩৫ কোটি ৬১ লাখ
রাফায়েল নাদাল ৩৪৪ কোটি ৬০ লাখ
নোভাক জোকোভিচ ২৫৫ কোটি ৬৪ লাখ
অ্যান্ডি মারে ১৪৭ কোটি ২৫ লাখ
কেই নিশিকোরি ৮৪ কোটি ৮৭ লাখ
নারী
আয় (টাকা)
মারিয়া শারাপোভা ১৮৯ কোটি ১৭ লাখ
লি না ১৮৪ কোটি ৬ লাখ
সেরেনা উইলিয়ামস ১৬৯ কোটি ৭৪ লাখ
ভিক্টোরিয়া আজারেঙ্কা ৮৫ কোটি ৮৯ লাখ
ক্যারোলিন ওজনিয়াকি ৮২ কোটি ৮২ লাখ