তবু ফোরলানকে ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫৫, ’৫৬, ’৭৯ ও ’৮৭-এ রানার্সআপ। কখনোই শিরোপা হাতে নিতে পারেনি চিলি। গায়ে ‘ফাইনালের দল’ তকমা। তবে এবার এই তকমা ঝেড়ে ফেলতে চায় তারা। কিন্তু চাওয়াটা পূরণ করতে হলে আগে তো পেতে হবে কোয়ার্টার ফাইনালের টিকিট। সেই লক্ষ্য নিয়েই আগামীকাল উরুগুয়ের সঙ্গে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে চিলি। একই দিন নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখার লড়াইয়ে নামবে প্রথম ম্যাচে পরাজিত মেক্সিকো আর ড্র করা পেরু।ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে এবারের কোপায় উরুগুয়েও ফেবারিট। তবে শুরুটা ভালো হয়নি ডিয়েগো ফোরলানের দলের। পেরুর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। এই ম্যাচে ৩ পয়েন্ট পেতে তাই মরিয়া উরুগুয়ে। গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা ও স্ট্রাইকার এডিনসন কাভানির কথায়ও সেই সুর।‘এ ম্যাচ আমাদের জিততেই হবে। কারণ এ ম্যাচেই আমাদের ভাগ্য বাধা’—বলেছেন মুসলেরা। সতীর্থের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন কাভানি, ‘আমাদের পুরো ৩ পয়েন্টই প্রয়োজন। এই টুর্নামেন্টটা আমরা জিততে চাই।’ জিততে তো উরুগুয়ে চাইবেই। প্রথম বিশ্বকাপ আর প্রথম কোপা জেতা দলটির ট্রফি-কেসে ১৯৯৫ সালের পর কোপার আর কোনো শিরোপা যে ওঠেনি।তবে ১৫তম শিরোপা জয়ের স্বপ্ন পূরণের পথটা সহজ নয়, এটা জানেন মুসলেরা-কাভানিরা। ‘আমরা টুর্নামেন্ট জিততে চাই। কিন্তু হেরে যাওয়ার ভয় সব সময়ই থাকে। কোপার প্রতিটি ম্যাচই কঠিন। এই টুর্নামেন্টই এটা দেখিয়েছে’—আর্জেন্টিনা ও ব্রাজিলের পয়েন্ট হারানোর দিকেই ইঙ্গিত করেছেন মুসলেরা। চিলির তরুণ ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ ও হামবার্তো সুয়াজোকেই বেশি ভয় মুসলেরার। সানচেজ যেকোনো সময় দুই দলের পার্থক্য গড়ে দিতে পারেন বলে মনে করেন। আর সুয়াজো তো সব সময়ই পাকা ‘গোলশিকারি’।বিশ্বকাপে ‘গোল্ডেন বল’ জেতার পর ফোরলান কেমন হারিয়ে গেছেন। তবু উরুগুয়ের এই অ্যাটলেটিকো মাদ্রিদ তারকাকে ভয় চিলির আর্জেন্টাইন কোচ ক্লদিও বোর্গির, ‘সে (ফোরলান) সব সময়ই বড় হুমকি। ওকে আমরা সমীহ করি। আর উরুগুয়ে দলটি পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াতে পারে। আর্জেন্টিনা-ব্রাজিলের সঙ্গে মানুষ উরুগুয়েকেও ফেবারিট বলছে।’ কোপার অতিথি দল মেক্সিকো এ পর্যন্ত কখনোই শিরোপা জেতেনি, এবার যে জেতার সম্ভাবনাও কম। কোপায় আসার আগে দুবার ডোপিং আর একবার নারী কেলেঙ্কারির দুর্ঘটনায় বিপর্যস্ত মেক্সিকো একটি তরুণ দল নিয়ে এসেছে কোপায়। চিলির কাছে ২-১ গোলের পরাজয় দিয়ে শুরু করেছে টুর্নামেন্ট। তার পরও মেক্সিকোকে খাটো করে দেখেন না পেরুর উইঙ্গার হুয়ান ভারগাস, ‘মেক্সিকো ভালো দল—একেবারে অপরিচিত মুখ নিয়ে আসেনি তারা। সবাই প্রথম বিভাগের খেলোয়াড়।’ এএফপি।