তবু বাংলাদেশে মুগ্ধ লঙ্কান কোচ

এত দিনে একজন আদর্শ কোচ খুঁজে পেয়েছে শ্রীলঙ্কা। প্রধান কোচ হিসেবে কোনো দল খোঁজে ব্যাটিং-প্রধান কোচ, কোনো দল বোলিং-প্রধান। যে দলের প্রায় অর্ধেকই উইকেটকিপার-ব্যাটসম্যান, সেই দলের কোচ হিসেবে উইকেটকিপার-ব্যাটসম্যানের চেয়ে ভালো আর কী হতে পারে!
কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা আছেন। টেস্ট দলে আছেন প্রসন্ন জয়াবর্ধনে, কৌশল সিলভা। তিলকরত্নে দিলশান, দিমুথ করুণারত্নেরাও টুকটাক কিপিং করেন। গ্রাহাম ফোর্ডের উত্তরসূরি হওয়ার দৌড়ে ১১ জনের মধ্যে যে শেষ পর্যন্ত জিতলেন পল ফারব্রেস, কে জানে তাতে তাঁর খেলোয়াড়ি জীবনের পরিচয়টার ভূমিকা ছিল কি না। কেন্ট ও মিডলসেক্স উইকেটকিপার-ব্যাটসম্যান!
শ্রীলঙ্কার কোচের দায়িত্ব নিয়েছেন এই জানুয়ারিতে। তবে শ্রীলঙ্কা দলের সঙ্গেই আগে এসেছেন বাংলাদেশে। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ও মহিলা জাতীয় দল থেকে কেন্ট একাডেমি হয়ে শ্রীলঙ্কার সহকারী কোচের দায়িত্ব নিয়েছিলেন ২০০৭ সালে। ২০০৮ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন সেই সময়ের কোচ ট্রেভর বেলিসের সহকারী হয়ে। ২০০৯ সালে লাহোর আক্রমণে সামান্য আহত হয়েছিলেন ফারব্রেসও। ওই বছরই পরে কেন্টের দায়িত্ব নিয়ে ফিরে যান নিজ দেশে।
২০০৮-০৯ সালের বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা টেস্ট সিরিজ জিতেছিল অনায়াসে, চ্যাম্পিয়ন হয়েছিল ত্রিদেশীয় সিরিজে। তবে এবারের সাফল্যটা একটু বেশিই মধুর লাগার কথা ফারব্রেসের। মূল কোচ হিসেবে প্রথম মিশনেই টেস্ট সিরিজ জিতেছে দল, জিতেছে টি-টোয়েন্টি সিরিজও। ওয়ানডে সিরিজ জয়ের পথে এগিয়েছে এক ধাপ। প্রথম সিরিজেই বাংলাদেশকে পাওয়া এক দিক থেকে যেমন স্বস্তির, আরেক দিকে শঙ্কারও। বাংলাদেশের কাছে হার মানে যাত্রাপথের শুরুতেই বড়সড় হোঁচট, ভবিষ্যৎ পথচলা তাতে হয়ে উঠতে পারে দুরূহ।
সেই শঙ্কা গত তিন ম্যাচেই ছিল শ্রীলঙ্কার। শেষ পর্যন্ত শঙ্কাটা সত্যি হয়নি বলেই কাল হাসিমুখে সংবাদমাধ্যমের মুখোমুখি ফারব্রেস। তবে বাংলাদেশ যে ভুগিয়ে ছেড়েছে, সেই মুগ্ধতার কথাও জানিয়ে রাখলেন, ‘বাংলাদেশ যেভাবে আমাদের ভুগিয়েছে, আমরা তাতে সত্যিই মুগ্ধ। ঘরের মাটিতে ওরা সত্যিই বিপজ্জনক। প্রথম টেস্টের পর দ্বিতীয়টিতে যেভাবে উন্নতি করেছে, এরপর টি-টোয়েন্টি সিরিজ এবং ওয়ানডে—সব মিলিয়ে বোঝা যাচ্ছে দলটি এগিয়ে যাচ্ছে। সাকিব, মুশফিকদের মতো দক্ষ ক্রিকেটার আছে ওদের, কোচিং স্টাফরা দারুণ কাজ করছে। শুধু জেতা শুরু করলেই দলটি ধারাবাহিকভাবে জিততে থাকবে।’
টানা তিনটি ম্যাচ জয়ের কাছে গিয়েও হারায় যখন হতাশার চাদরে ঢাকা বাংলাদেশ, প্রতিপক্ষ কোচই সেই চাদর সরিয়ে ছোঁয়া দিতে চাইলেন ঝলমলে রোদের, ‘একটি-দুটি ম্যাচ জিতলেই কিন্তু আত্মবিশ্বাস ফিরে আসবে। বাংলাদেশ তো জয়ের কাছাকাছি গিয়েছে। দুটি টি-টোয়েন্টি ম্যাচ এবং ওয়ানডেটি যেকোনো দল জিততে পারত। বাংলাদেশ এর একটি জিতলেই ড্রেসিংরুমের চেহারা পাল্টে যেত। স্রেফ একটা ম্যাচ জিততে হবে, তাহলেই ওরা অনুভব করবে আত্মবিশ্বাস এক লাফে কত বেড়ে যায়!’
বাংলাদেশ যেখানে ব্যর্থ, শ্রীলঙ্কা সফল সেখানেই। নিজের শিষ্যদের লড়াকু মনোভাবে দারুণ খুশি ফারব্রেস, ‘৬৭ রানে ৮ উইকেট হারানোর পরও জেতাটা অসাধারণ কিছু। এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ বারবার জেতাটাও দারুণ, এতে দলের দৃঢ়প্রতিজ্ঞা আর হার না-মানা মানসিকতার প্রমাণ মেলে।’
ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের গ্রুপের ভেন্যু চট্টগ্রামে দুটি টি-টোয়েন্টি খেলেছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের আগে খেলছে এই সিরিজ। সব মিলিয়ে প্রস্তুতিটাকে আদর্শ মানছেন লঙ্কান কোচ, ‘এই সফরে না আসার একটা কথা হচ্ছিল। কিন্তু সফরে আসার সিদ্ধান্তটি দারুণ হয়েছে। কঠিন লড়াইয়ের একটি সিরিজ হচ্ছে। অনুশীলন-সুবিধাও অনেক ভালো। এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-টোয়েন্টির জন্য এখন মুখিয়ে আছি আমরা।’