তবু বাদ মাহফিজুর!
আগামী ৩-৭ ডিসেম্বর দোহায় হবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। ২৫ মিটার পুলের সংক্ষিপ্ত পরিসরের এই প্রতিযোগিতায় অংশ নিতে আজ ঢাকা ছাড়বেন সাঁতারু শাজাহান আলী (রনি), অনীক ইসলাম ও সোনিয়া আক্তার (টুম্পা)।
এ মুহূর্তে দেশের সেরা সাঁতারু মাহফিজুর রহমানকে (সাগর) এ সফরে বিবেচনাই করেননি কর্মকর্তারা। ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন ফিনার কংগ্রেসে যোগ দিতে গতকাল দোহা যাওয়ার আগে এ প্রসঙ্গে বললেন, ‘সাগর এর আগে অন্যান্য টুর্নামেন্টে খেলেছে। অনেক জায়গায় ঘুরেছে। এবার তাই ওকে বাদ দিয়ে অন্যদের সুযোগ দেওয়া হয়েছে।’
মাহফিজুর গত জাতীয় মিটে ৮টি ইভেন্টের সব কটিতেই সোনা জেতেন। জাতীয় রেকর্ড গড়েন ৪ ইভেন্টে। ফেডারেশনের এমন সিদ্ধান্তে হতাশ তিনি, ‘জাতীয় চ্যাম্পিয়নশিপে ভালো করেও বাদ পড়ায় খারাপ লাগছে।’
গত তিন বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিয়মিত অংশ নিয়েছেন মাহফিজুর। ২০১১ সালে সাংহাইয়ে নিজের সেরা টাইমিং (২৪.৮২) করেছিলেন ৫০ মিটার ফ্রি-স্টাইলে। ১২২ জনের মধ্যে ৫৭তম হওয়ায় ফিনার কোটায় লন্ডন অলিম্পিকে খেলার সুযোগ পান। অথচ ওই সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সাঁতার থেকে কাউকে লন্ডনে পাঠাতে চায়নি। পরের বছর ইস্তাম্বুলে বাংলাদেশের তিন সাঁতারুর মধ্যে তাঁরই ছিল ভালো পারফরম্যান্স।