তবু বিউটিকে রেখেই অ্যাথলেটিকস দল
দুদিন আগে ট্রায়ালেই বুঝে গিয়েছিলেন এসএ গেমস শেষ হয়ে গেছে তাঁর। কাল দক্ষিণ এশীয় গেমসের চূড়ান্ত দল ঘোষণার সময়ও ‘জল ঘোলা’ করা হলো নাজমুন নাহার বিউটিকে নিয়ে। এসএ গেমসে খেলছেন না বিউটি—এটা ধরে নিয়েও আনুষ্ঠানিকতার খাতিরে শেষ পর্যন্ত তাঁকে রেখেই কাল ঘোষিত হলো এসএ গেমসের ৩৮ সদস্যের অ্যাথলেটিকস দল।কোচ কিতাব আলী আরও কয়েক দিন সময় দিতে চান চারবারের দ্রুততম মানবীকে, ‘আমরা ওকে চূড়ান্ত দলে রেখেছিলাম। কিন্তু ও নিজেই যদি গেমসের আগে মানসিকভাবে ভেঙে পড়ে তাহলে আমাদের কী করার আছে? একজন খেলোয়াড় শারীরিকভাবে আনফিট হলে তাকে সারিয়ে তোলা সম্ভব, কিন্তু মানসিকভাবে আনফিট হলে সেটা সারানো দুষ্কর। তবে এখনো সময় আছে, ২৫ তারিখে ট্রায়ালের পর ওকে দলে নেওয়ার চেষ্টা করব আমরা।’ সেই চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা নেই। বিউটি কাল বিকেএসপি থেকে ফোনে জানিয়েছেন, এদিন বিকেলে অনুশীলনে গেলেও ব্যথার কারণে অনুশীলন করতে পারেননি।এবারের অ্যাথলেটিকসে ইভেন্ট ২৩টি, সবগুলোতেই অংশ নেবে বাংলাদেশ। পুরুষ দল ১৫টি এবং মেয়েরা খেলবে ৮টি ইভেন্টে। ২টি সোনা জিততে পারে বাংলাদেশ—পুরোনো আশাবাদই নতুন করে রাখলেন ফেডারেশন কর্তারা। ২৩টি ইভেন্টের মধ্যে ১০০ মিটার হার্ডলসে সুমিতা রানী দাসের দিকে তাকিয়ে বাংলাদেশ। হাইজাম্পে উচ্চাশা সজীব হোসেনকে নিয়ে, ৪০০ মিটার হার্ডলসে আফজাল হোসেন, ১০০ মিটার স্প্রিন্টে গোলাম মুর্তজা, ১১০ মিটার হার্ডলসে শহীদুল ইসলামের কাছ থেকেও পদক আশা করছে ফেডারেশন।অ্যাথলেটিকসের মতো সোনাপ্রত্যাশী কারাতেও কাল দল ঘোষণা করেছে। কাতা ও কুমি—দুটি ইভেন্টে সোনার জন্য লড়বেন শামীম ওসমান, সুজন ইসলাম, সৈয়দ নুরুজ্জামান। মেয়েদের বিভাগে জ উ প্রু, মুন্নি, মরিয়মও যথেষ্ট আত্মবিশ্বাসী।