তবু ভরসা রাখি রিয়াদ-নাসিরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিবের আউট দিয়েই শুরু করি। আর সবার মতো আমিও কষ্ট পেয়েছি। আমার ধারণা, ও সেঞ্চুরিটা তুলে নিয়ে নিজেকে একটু চাপমুক্ত করতে চেয়েছে কালই। কিন্তু তা হয়নি। উল্টো নিজেই পুড়েছে আক্ষেপে।ইনিংস গড়তে অনেক শট খেলেছে সাকিব। কিন্তু ৯৭-এ দাঁড়িয়ে নিশ্চয়ই চায়নি ডাউন দ্য উইকেট গিয়ে ওভাবে ক্যাচ তুলে দিতে। শটটা লেগে গেলে হয়তো আমরা বলতাম সবই ঠিক আছে। ক্রিকেটে এমন হয়-ই। তবে অমন শট খেলার জন্য আদর্শ সময় ওটা ছিল না—এটা বলতে পারি। ওর জন্য খারাপই লাগছে।সাকিব আউট না হলে আমাদের আত্মবিশ্বাস আরও ভালো জায়গায় থাকত। সে ক্ষেত্রে টেস্টটা ড্র করার লক্ষ্য পূরণে আমরা পঞ্চম দিনটা আরেকটু দৃঢ়চিত্তে শুরু করতে পারতাম। একবার ভাবুন, সাকিব ১৭০-১৮০ রান করতে পারলে টেস্টের চেহারাটা কেমন দাঁড়াত!থাক, ওই দুঃখে কাতর থেকে লাভ নেই। আজ কী ঘটবে, কীভাবে ম্যাচটা বাঁচানো যায়, সেটাই আসল। ম্যাচ বাঁচানো যাবে কি না, তা সময়ই বলবে। তবে কেন জানি আমার মন বলছে, হলেও হতে পারে। সোহাগ-রাজু ব্যাট হাতে অবদান রাখতে পারে। তবে মাহমুদউল্লাহ রিয়াদ-নাসিরের ওপরই নির্ভর করছে অনেক কিছু।ওরা দুজন প্রথম সেশনটা পার করে দিক, এটাই চাই কায়মনে। নাসিরের কাছে ইনিংসটাকে আরও লম্বা করার দাবি রাখছি, তাতে সেঞ্চুরিও হবে। আর যদি ও তা পারে, তাহলে কে বলতে পারে আমরা মোটামুটি একটা লিড নিতে পারব না? সে ক্ষেত্রে ম্যাচটা ড্র হওয়া অসম্ভব নয়। আমরা ব্যাটিংয়ে একটু তাড়াহুড়োই করে ফেলেছি। নতুন বলে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা আক্রমণ করেছে। বিশেষ করে টিনো বেস্ট ছিল খুনে মেজাজে। অনেক শর্ট বল, বাউন্সার দিয়েছে। ওই সময়টা উচিত ছিল দাঁতে দাঁত চেপে পার করা। যেটা করে দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানরা। দুই দলের মধ্যে এখানেই পার্থক্য। ওই পরিস্থিতে ওরা শান্ত-স্থির থাকল। জানে উইকেটে কিছু নেই। সময়টা পার করলেই সামনে লম্বা সময়। অনেক রান। অথচ আমরা বিভ্রান্ত হলাম। পাল্টা-আক্রমণ করতে গেলাম। এটাই কাল হয়েছে। তবে সারাক্ষণ তো আর ওভাবে বল করত না ওরা। সময়টা পার করে দিতে পারলে ভালো হতো! সাকিব-নাসির পরে দেখিয়েছে, প্রাথমিক চাপটা সামলে লম্বা ইনিংস খেলা এই উইকেটে কোনো ব্যাপারই না। ব্যাটসম্যান না চাইলে তাকে আউট করার সাধ্য কার!নাঈমের আউট নিয়ে কথা নেই। তামিমও ভালো বলেই আউট। নাজিম প্রথম বলেই বিদায় নিয়েছে। শাহরিয়ার নাফিসকে পুরো সিরিজেই শর্ট বলের ফাঁদে ফেলে পরিকল্পনা করে আউট করেছে। মুশফিক এই দলের অন্যতম বিশুদ্ধ ব্যাটসম্যান। ওর উইকেটে থাকা অনেক বেশি দরকার ছিল। আজ রিয়াদ-নাসিররা টিকে থাকুক। ম্যাচটা ড্র করুক। এ কামনাই করি।