তবু মাটিতেই পা ইউনাইটেডের
নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয় সব সময়ই দারুণ অনুভূতির। আর সেটা যদি হয় প্রতিপক্ষের মাঠে, তাহলে তো কথাই নেই! গত রোববার ম্যানচেস্টার ডার্বি জিতে ইউনাইটেড শীর্ষে জাঁকিয়ে বসেছে ভালোভাবেই। সিটিকে ঠেলে দিয়েছে ৬ পয়েন্ট পেছনে। তবে এই ব্যবধানকে খুব বড় করে দেখছেন না সিটির কোচ রবার্তো মানচিনি। এমনকি একই শহরের বিখ্যাত প্রতিদ্বন্দ্বীদের চেয়ে নিজের দলকেই এগিয়ে রাখছেন, ‘আমার ব্যক্তিগত মত হলো আমরা দেখিয়েছি ওদের চেয়ে আমরা ভালো।’ কেন ভালো, সেই যুক্তি অবশ্য দেননি। আজ কি ইউনাইটেড ব্যবধান বাড়িয়ে নেবে আরও, নাকি সিটি ব্যবধান কমাবে ইউনাইটেডের সঙ্গে। আজ ইউনাইটেড নিজেদের মাঠে খেলবে সান্ডারল্যান্ডের সঙ্গে, আর সিটি খেলবে নিউক্যাসলের মাঠে।গত মৌসুমে শেষ ছয় ম্যাচে ইউনাইটেডের সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে ফেলেছিল সিটি। নাটকীয় শেষ দিনে জিতেছিল শিরোপাও। এখনো মৌসুমের অনেকটা বাকি। তাই এখনই সব শেষ হয়ে গেছে মনে করছেন না মানচিনি, ‘মৌসুমটা অনেক লম্বা। আর ফেব্রুয়ারিতে যখন চ্যাম্পিয়নস লিগ শুরু হবে, তখন সবকিছুই বদলে যেতে পারে। আমাদের হাতে আরও ২৩-২৪টি ম্যাচ আছে। আমি মনে করি ৬ পয়েন্ট পুনরুদ্ধার করা বড় কোনো সমস্যা নয়।’ মানচিনির কথার উল্টো পিঠটাই যেন দিব্যদৃষ্টিতে দেখছেন ইউনাইটেডের খেলোয়াড়েরা। ডার্বি জিতেই আত্মপ্রসাদে গা ভাসিয়ে দিচ্ছেন না কেউ, পা রাখছেন মাটিতে। ড্যানি ওয়েলবেক জানিয়েছেন তেমনটাই, ‘ম্যানচেস্টার ডার্বি জিতে ৬ পয়েন্ট এগিয়ে যাওয়া আসলেই দারুণ একটা প্রেরণা। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। প্রতিটি পয়েন্টই মূল্যবান।’এই মৌসুমে শুরুতে গোল খাওয়ার জুজুটা যেন ইউনাইটেডকে ছাড়ছেই না। ইউনাইটেড কিংবদন্তি রায়ান গিগস অবশ্য তা নিয়ে উদ্বিগ্ন নন, ‘মানছি আমরা অনেক গোল হজম করছি। বারবার পিছিয়ে থেকেও ফিরে আসতে হচ্ছে আমাদের। কিন্তু সবকিছু ইঙ্গিত দিচ্ছে এই মৌসুমটা আমাদের জন্য দারুণ হতে পারে।’ অসুস্থতার জন্য রুনির মাঠে নামাটা অনিশ্চিত, অ্যালেক্স ফার্গুসনের দুশ্চিন্তা বলতে এটুকুই। এএফপি, রয়টার্স।