ম্যাচ স্থগিত জেনেও মাঠে গিয়ে যদি হাজির হয় একটা দল, সেটিকে অভিনবই বলা উচিত। শেখ রাসেল ক্রীড়াচক্রের সৌজন্যে আজ এ ঘটনার সাক্ষী হতে পারে বঙ্গবন্ধু স্টেডিয়াম।
প্রিমিয়ার লিগে শেখ জামাল-শেখ রাসেল ম্যাচ হওয়ার কথা ছিল আজ। কিন্তু ২৬ ফেব্রুয়ারি লিগ কমিটির কর্মকর্তারা ম্যাচটা স্থগিত করে দিয়েছেন। বারবার খেলায় বিরতি পড়ছে, সেটি বিরক্তির একটা কারণ। শেখ রাসেল বাফুফের ওপর আরও চটেছে শেষ মুহূর্তে এসে ম্যাচ স্থগিত করায়।
বাফুফে বলছে, তাদের করার কিছু নেই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২ মার্চ বঙ্গমাতা-বঙ্গবন্ধু প্রাথমিক স্কুল ফুটবলের ফাইনাল দেখতে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে ঠিক হয়েছিল এই ফাইনালের জন্য ১ ও ২ মার্চ মাঠ নেবে জাতীয় ক্রীড়া পরিষদ। কিন্তু একই উপলক্ষে ঢাকা জেলা প্রশাসন নাকি ২৬ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে নিয়েছে।
শেখ রাসেলের কাছে ম্যাচ স্থগিতের কারণটা বলা হয়েছে ‘অনিবার্য’। কিন্তু শেখ রাসেলের সভাপতি নুরুল আলমের কাছে এটি গ্রহণযোগ্য নয়, ‘এমনিতেই খেলা অনেক পিছিয়ে গেছে। প্রায় এক মাস ধরে আমাদের খেলা নেই। এই ম্যাচটা কমলাপুর স্টেডিয়ামে করা যেত। এভাবে যখন খুশি ম্যাচ স্থগিত করার প্রতিবাদে আমরা কাল (আজ) যথারীতি ম্যাচের সময় দল নিয়ে মাঠে যাব। আমরা এটি বাফুফেকে চিঠি পাঠিয়ে জানিয়েছি।’
লিগের প্রথম পর্বে শেখ রাসেল তাদের অষ্টম ও সর্বশেষ ম্যাচটি খেলেছে গত ৩ ফেব্রুয়ারি। শেখ জামালের কলকাতা সফর, ৫ মার্চ ভারতের সঙ্গে জাতীয় দলের প্রীতি ম্যাচ, বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান...এসব কারণে লিগ থেমে আছে মাস খানেক। ১৫ মার্চের আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম পাওয়া যাচ্ছে না। জাতীয় দল গোয়া থেকে ফিরলে শেখ জামাল-শেখ রাসেল ম্যাচটা হবে। সে ক্ষেত্রে ১০ মার্চ নির্ধারিত শেখ জামাল-ফেনী সকার প্রথম পর্বের শেষ ম্যাচটিও পেছাবে।
এটি সাংবৎসরিক চিত্র। বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে টানাটানি লিগের সৌন্দর্যহানি ঘটাচ্ছে। খেলতে খেলতে হঠাৎ এক মাস লিগ বন্ধ! এই হলো বাংলাদেশের পেশাদার ফুটবল লিগ!