তবু মানচিনি বলছেন, ম্যানইউ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝে কোনো প্রাচীর নেই। তবুও চাইলে ম্যানচেস্টার শহরটা আলাদা করে এক অংশের নাম দিতে পারেন উৎসবপুরী! অন্য অংশের নাম হতাশাপুরী! আক্ষরিক অর্থেই তাই। পূর্ব পাশটা উৎসবের নগর। ঠিক উল্টো ছবি শহরের দক্ষিণ-পশ্চিম অংশে, ওল্ড ট্রাফোর্ড নীরব সুনসান!দুই প্রতিবেশীর লড়াইয়ে একদল অন্যদলকে বিধ্বস্ত করেছে ৬-১ গোলে। সেই ১৯২৬ সালের পর এটাই ওল্ড ট্রাফোর্ডে সবচেয়ে বড় জয় ম্যানচেস্টার সিটির। সিটি শিবিরে আনন্দস্রোত। তবে আবেগের স্রোতে প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলেননি সিটির কোচ রবার্তো মানচিনি। বাস্তববাদী কোচ বলেছেন, সিটির চেয়ে ম্যানইউ-ই ভালো দল।ম্যান সিটির সর্বশেষ লিগ জয় ১৯৬৮ সালে। ৪৩ বছর পর আবার শিরোপা জয়ের আশায় উদ্বেল তারা। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের, সমান ম্যাচে ম্যানইউর ২০, চেলসির ১৯। তবে মানচিনি পা রাখছেন মাটিতেই, ‘শিরোপা এখনো অনেক দূর। আমি মনে করি, শেষ পর্যন্ত চার থেকে পাঁচটি দলের যে কেউ জিততে পারে।’ ম্যানইউকে নিয়ে মানচিনির মূল্যায়ন, ‘শিরোপার জন্য ম্যানইউ খুবই শক্তিশালী। আমার মতো তারাও জানে, এটা মাত্রই তিনটি পয়েন্টের ব্যাপার। এটা শুধুই একটা ম্যাচ। আমি এখনো মনে করি, ইউনাইটেড আমাদের চেয়ে এক ধাপ ওপরে।’ওল্ড ট্রাফোর্ডে তো বটেই, ইংলিশ প্রিমিয়ার লিগে এটা ম্যানইউর সবচেয়ে বড় হার। খেলোয়াড় এবং কোচ হিসেবে—অ্যালেক্স ফার্গুসনের ৫৪ বছরের ফুটবল ক্যারিয়ারেও বৃহত্তম পরাজয়! প্রচণ্ড হতাশ ফার্গি, ‘আমি ভেঙে পড়েছি, এটা বিশ্বাসই করতে পারছি না। এটা অনুমানের চেয়েও বেশি হতাশার।’এই হতাশার মধ্যেও দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস ম্যানইউ বসের, কেননা, ‘এমন হার খেলোয়াড়দের মনে একটা প্রভাব ফেলবে।’ তিনি মনে করেন, এই হারের কারণ ডিফেন্ডার জোনাথন ইভান্সের লাল কার্ড পাওয়া, ‘আমরা ১-০-তে পিছিয়ে পড়ার পরও ফিরে আসার সুযোগ ছিল। কিন্তু লাল কার্ডটাই দিয়েছে মরণ আঘাত।’সিটির ৬ গোলের প্রথম দুটি করেছেন বিতর্কের শিরোমণি মারিও বালোতেল্লি। ম্যাচ শেষে ইতালিয়ান ব্যাডবয় পেলেন কোচের উচ্ছ্বসিত প্রশংসা। শিষ্যের প্রশংসা করতে গিয়ে মানচিনি বালোতেল্লিকে তুলনা করেছেন মেসি-রোনালদোর সঙ্গে, ‘সে বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন হয়ে উঠতেই পারে, মেসি কিংবা রোনালদোর মতো।’ তবে একটা শর্তও জুড়ে দিয়েছেন, মাঠের বাইরের আচরণটা তাঁকে ভালো করতে হবে! এএফপি।