তবু মানচিনির ছায়ায় বালোতেল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারিও বালোতেল্লি যেন বেখবরের চিরায়ত এক উৎস। নিজে তো একের পর এক কাণ্ড ঘটাচ্ছেনই, পত্রিকার পাতায় ধারাবাহিক হতে আশপাশের মানুষও রাখছেন অবদান! সেদিন কোচ রবার্তো মানচিনি বলেছেন, বালোতেল্লির ওপর তাঁর আর আস্থা নেই। একসময়ের প্রিয়পাত্রের কর্মকাণ্ডে তিনি মহাবিরক্ত। এবার বললেন বালোতেল্লি তাঁর সতীর্থ হলে তাঁকে হয়তো মানচিনির ঘুষি খেতে হতো।‘আমি মারিওকে বলেছি, “তুমি যদি ১০ বছর আগে আমার সঙ্গে খেলতে, আমি প্রতিদিনই হয়তো তোমার মাথায় ঘুষি মারতাম”—ডেইলি মিররকে বলেছেন সিটি কোচ। বাইরে নানা অপ্রীতিকর ঘটনা তো আছেই, ইতালিয়ান ‘ব্যাডবয়’ মাঠের মধ্যেও সতীর্থদের সঙ্গে ঝামেলা করছেন। ৩১ মার্চ সান্ডারল্যান্ডের বিপক্ষে ৩-৩ গোলে ড্র ম্যাচে ফ্রি-কিক নিয়ে আলেকসান্দার কোলারভের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। রেশ গড়ায় ড্রেসিংরুম পর্যন্ত, লেগে যায় সতীর্থ ইয়া তোরের সঙ্গে।পরশু আবার ঘটিয়েছেন গাড়ি দুর্ঘটনা! ম্যানচেস্টারের মেডলক স্ট্রিটে অন্য একটি গাড়ির সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে। তিনি অক্ষতই আছেন। তদন্ত চলছে এই যা। ২০১০ সালে ম্যানচেস্টার সিটিতে আসার পর গাড়ি দুর্ঘটনা আগেও ঘটিয়েছেন। স্বাভাবিকভাবেই ইংলিশ ক্লাবটিতে তাঁর ভবিষ্যৎ হুমকির মুখে। আসল মজাটা এখানেই। মানচিনি একদিকে মহাবিরক্ত, পাশাপাশি বালোতেল্লিকে হারাতেও রাজি নন, ‘তার সমস্যা মনঃসংযোগে ঘাটতি। কিন্তু আমি তাকে বোঝাচ্ছি। আমি প্রতিদিনই তার সঙ্গে কথা বলি না—তাহলে তো আমার একজন মনোবিদের দরকার হতো। তবে আমি তার সঙ্গে কথা বলি। কারণ আমি তাকে এবং তার মানের একজন খেলোয়াড়কে হারাতে চাই না। মারিও ইউরোপের অন্যতম সেরা খেলোয়াড়ই হতে পারে।’ এএফপি।