তবু মার্শেই সবার আস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে প্রথম টেস্ট খেলবেন, কাল অস্ট্রেলিয়ার নির্ধারিত সংবাদ সম্মেলনে তাই আসার কথা ছিল শন মার্শের। কিন্তু এলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ারই আরেক বাঁহাতি। মাইক হাসি জানালেন, পাকস্থলীর সমস্যায় ভুগছেন মার্শ। তবে শঙ্কার কিছু নেই, পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন টেস্ট শুরুর আগেই। ঘরের মাঠে নামার জন্য নাকি তর সইছে না মার্শের।নিজের দর্শক, পরিবার ও বন্ধু-বান্ধবের সামনে প্রথম টেস্ট নিয়ে রোমাঞ্চিত মার্শ। তবে তাঁকে নিয়ে ঠিক স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কায় অভিষেকে সেঞ্চুরি, পরের টেস্টে ৮১। কেপটাউনে উইকেট-বৃষ্টির টেস্টের প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৪৪। ওই টেস্টেই ফিল্ডিংয়ের সময় পিঠে চোট পেলেন, মার্শের সমস্যারও শুরু। দ্বিতীয় ইনিংসে ১০ নম্বরে নেমে শূন্য, নিউজিল্যান্ড সিরিজে খেলতেই পারলেন না। চোট কাটিয়ে এ সিরিজে ফিরেও রানের দেখা নেই। স্বপ্নের সেই শুরুটাকে এখন মনে হচ্ছে, কত আগেরই না ঘটনা। যাঁর ওপর বাজি ধরে রিকি পন্টিংকে চারে নামিয়ে দেওয়া হয়েছিল, তিনিই এখন দলের সবচেয়ে বড় দুশ্চিন্তা।প্রথম শ্রেণীর ক্রিকেটে মার্শের শুরু ও বেড়ে ওঠা কাছ থেকে দেখেছেন হাসি। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরির সময় উইকেটে সঙ্গী ছিলেন হাসিই, টেস্ট অভিষেকে সেঞ্চুরির সময়ও তাই। হাসির বিশ্বাস, ঘরের মাঠই জাগিয়ে তুলবে মার্শকে, ‘ঘরের মাঠে নামার জন্য ও মুখিয়ে আছে। ওয়াকার দর্শকেরা ঘরের ছেলেদের দারুণ সমর্থন দেয়, অন্য ক্রিকেটারদের চেয়ে ১০ গুণ বেশি চিৎকার করে। ওর তাই অনুপ্রেরণার অভাব হবে না। পার্থে ও রান পেলে আমি মোটেও বিস্মিত হব না।’ হাসির ধারণা, চোট থেকে ফেরার কারণেই ছন্দে নেই মার্শ, ‘মাস খানেক মাঠের বাইরে থাকার পর সরাসরি মাঠে এসে ছন্দ ফিরে পাওয়া সব সময়ই কঠিন। একটু সময় লাগে। তবে ও নেটে কঠোর পরিশ্রম করছে। ম্যাচের আগে প্রস্তুতিটা ওর সব সময়ই দারুণ হয়। এখন স্রেফ প্রথম আধঘণ্টা উইকেটে কাটাতে পারলেই হবে। একটা শুরু পেলেই ও সেটা বড় শতকে রূপ দেবে।’একই ধারণা মিকি আর্থারেরও। অস্ট্রেলিয়া কোচের পুরো আস্থা আছে শিষ্যের ওপর, ‘শনের ব্যাপারটা হলো, যখন ও ফর্মে থাকে, তখন বল ছাড়ে খুব ভালোভাবে। আমি ওকে এটা বলেছিও, এই সিরিজে ওকে খানিকটা নড়বড়ে মনে হচ্ছে। তবে এটা স্রেফ একটা ভালো শট, একটা ইনিংস, প্রথম ২৫ মিনিট বা প্রথম ২০ বল কাটিয়ে দেওয়ার ব্যাপার। শন দুর্দান্ত ব্যাটসম্যান, অস্ট্রেলিয়ার হয়ে অনেক অনেক রান করবে ও। অস্ট্রেলিয়া ক্রিকেট এখন যে জায়গায় আছে, তাতে সঠিক ক্রিকেটারের ওপর বিনিয়োগ করা জরুরি। শন অবশ্যই এমন একজন, যাঁর ওপর আমাদের অনেক বিশ্বাস।’দুঃসময়ে সবার এমন সমর্থনই তো প্রয়োজন, মার্শ রান না পেলে এখন সেটাই হবে বিস্ময়ের। এএফপি ও ওয়েবসাইট।