তবু মেসির জন্যই ফ্রি-কিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে সানচেজ  রয়টার্স
পরশু দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে সানচেজ রয়টার্স

ম্যাচের ৬৯ মিনিট। বক্সের ২৫ গজ বাইরে ফ্রি-কিক পেল বার্সেলোনা। লিওনেল মেসির অনুপস্থিতিতে সেটা নিতে এগিয়ে এলেন অ্যালেক্সিস সানচেজ। আর কী দুর্দান্ত কিকই না নিলেন চিলিয়ান উইঙ্গার! রংধনুর মতো বাঁক খেয়ে সেটা ঢুকে গেল জালে। হ্যাটট্রিকও হয়ে গেল তাঁর। লিওনেল মেসি মাঠে থাকলে নিশ্চয়ই পিঠ চাপড়ে দিতেন সানচেজকে।
সানচেজের ফ্রি-কিকের পরই একটা প্রশ্ন উঠে গেল, মেসি ফিরলে নেবেন ফ্রি-কিক? যথারীতি মেসিই নেবেন, না সানচেজকে সুযোগ দেওয়া হবে? এই উইঙ্গার মেসির অনুরক্ত এবং তাঁর প্রতি বিশ্বস্তও। তিনি মনে করেন ওই কাজটা মূলত আর্জেন্টাইন তারকারই, ‘লিও-ই আমাদের ফ্রি-কিকগুলো নেয় এবং সামনেও সে-ই নেবে।’ নিজের এই দুর্দান্ত ফর্মের কৃতিত্বটা দিলেন কোচ জেরার্ডো মার্টিনোকে, ‘আমি মনে করি খেলোয়াড় হিসেবে যে আত্মবিশ্বাসটা আমার দরকার ছিল সেটা মার্টিনো আমাকে দিয়েছেন। আর আত্মবিশ্বাস থাকলে আপনার গোল আসবেই।’
মেসি নেই, নেইমার নেই। তার পরও পরশু বার্সা খেলেছে বার্সার মতোই। জাভি হার্নান্দেজ একটি পেনাল্টি মিস করার পরও এলচেকে ৪-০ গোলে হারিয়েছে। মার্টিনো তাই গর্ব করেই বলতে পারছেন, ‘আমরা বেশ ভালো খেলেছি। আমাদের বৈচিত্র্য, ধার, নিয়ন্ত্রণ সবকিছুই ছিল। অনেক সুযোগ পেয়েছি আমরা। ম্যাচে কখনোই আমরা লাগামটা আলগা করিনি। ওদের গোল করার খুব বেশি সুযোগও দিইনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তো আমরা পুরোপুরি খেলাটা নিয়ন্ত্রণ করেছি।’
একদিক দিয়ে কিন্তু এবার মেসিকে ছাড়িয়ে গেছেন সানচেজ, পেদ্রো। পরশু বার্সার দ্বিতীয় গোলটা পেদ্রোই করেছেন। লিগে এখন স্প্যানিশ উইঙ্গারের গোল ১১টি। আর হ্যাটট্রিক করে সানচেজও ধরে ফেলেছেন পেদ্রোকে। মেসির চেয়ে দুজনেরই গোল ৩টি বেশি।
আগামী সপ্তাহেই হয়তো সেটা কমিয়ে আনবেন মেসি। অ্যাটলেটিকোর সঙ্গে ম্যাচটা এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ মুহূর্তে দুই দলের পয়েন্ট সমান, ৪৯। বার্সা শীর্ষে আছে গোল ব্যবধানেই। মহারণের আগে মার্টিনো অবশ্য খুব বেশি আশার আলো দেখালেন না বার্সা সমর্থকদের, ‘শুধু শারীরিকভাবে না, মানসিকভাবেও তাকে তৈরি হতে হবে। চোট থেকে ফেরার পর একজন খেলোয়াড়কে মানসিকভাবেও নিরাময়ের ভেতর দিয়ে যেতে হয়। আমরা ওর বা দলের ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি নেব না। এ অবস্থায় আসতে সে অনেক পরিশ্রম করেছে। এখন আমাদের আরেকটু অপেক্ষা করা উচিত।’ এএফপি, ওয়েবসাইট।