তবু ম্যানইউকে মালা মানচিনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার সিটি যখন নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে ৩-এ নামিয়েছে, এ কী বলছেন রবার্তো মানচিনি! আগামী সোমবারের ম্যানচেস্টার ডার্বিতে জিতে গোল ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষেই উঠে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ৪৪ বছর পর লিগ চ্যাম্পিয়ন হওয়ার প্রায় হারিয়ে যাওয়া সম্ভাবনাটা যখন আবারও ফিরে এসেছে তখনই স্যার অ্যালেক্স ফার্গুসনকে লিগ জয়ের জন্য আগাম অভিনন্দন জানিয়ে দিলেন সিটির কোচ। পরশু এভারটনের বিপক্ষে গোলবন্যার ম্যাচে ড্র (৪-৪) করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর পরপরই সার্জিও আগুয়েরো ও সামির নাসরির দুই অর্ধের দুই গোলে উলভারহ্যাম্পটনকে হারিয়ে পয়েন্টের ব্যবধান ৩-এ নামিয়ে নামিয়ে এনেছে সিটি। একসময় ম্যানইউর ৮ পয়েন্ট পেছনে পড়ে যাওয়া দলটির সামনে সুযোগ ম্যানইউকে ধরে ফেলার। কিন্তু আগামী সপ্তাহের ডার্বিতে নিজেদের কোনো আশা দেখছেন না কোচ মানচিনি, ‘আমার মনে হচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড আমাদের হারিয়ে দেবে। প্রতিবছরই তাদের খেলোয়াড়েরা চাপের মুখে ভালো খেলে। তবে যেহেতু আমাদের জয়ের কোনো আশা নেই তাই আমাদের ওপর কোনো চাপও নেই।’পরশু সিটির কাছে হেরেই নিশ্চিত হয়েছে উলভেসর অবনমন। মানচিনির উপলব্ধি অবনমিত এই দলটিও ১ পয়েন্ট ছিনিয়ে নিতে পারত। গোলরক্ষক জো হার্ট অসাধারণ এক সেভ করেই বাঁচিয়েছেন দলকে। স্টিভেন ফ্লেচার ওই গোলটি করলে স্কোর হয়ে যেতে ১-১। দল জিতলেও খেলায় অসন্তুষ্ট মানচিনি তাই সরাসরিই ফার্গুসনকে অভিনন্দন জানিয়ে দিলেন, ‘এই মৌসুমের জন্য এবং এই শিরোপার জন্য আপনাকে অভিনন্দন।’যদিও বেশির ভাগ পর্যবেক্ষকের ধারণা, নিজের দলের ওপর থেকে চাপ সরিয়ে সেটা ম্যানইউর ওপর চাপাতেই তাদের আগেভাগেই ২০তম লিগ শিরোপা দিয়ে দিচ্ছেন ইতালিয়ান কোচ। পরশু সিরি ‘আ’তে রোমাকে ৪-০ গোলে হারিয়ে এসি মিলানের সঙ্গে ব্যবধানটা ৩ করেছে জুভেন্টাস। জুভদের হয়ে গোল করেছেন আরতুরো ভিদাল (২) ও আন্দ্রিয়া পিরলো ও ক্লদিও মারচিসিও। এএফপি, রয়টার্স।