
অস্ট্রেলিয়া সফরটি কেটেছে দুঃস্বপ্নের মতো। ওয়েস্ট ইন্ডিজেও খুব ভালো কিছু হয়নি। কে ভাবতে পেরেছিল, অভিশপ্ত এই মৌসুমে হারানোর আরও বাকি আছে ইংল্যান্ডের! টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন থেকে বাদ পড়াটা অপ্রত্যাশিত কিছু ছিল না। তবে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে ইংলিশরা দেশে ফিরেছে শেষ ম্যাচে হল্যান্ডের কাছে হেরে। তার পরও এই বিশ্বকাপে একটা জায়গায় কিন্তু শীর্ষে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের অপরাজিত সেঞ্চুরিটি নিঃসন্দেহে এখন পর্যন্ত এই বিশ্বকাপের সেরা ইনিংস!
অর্জনটা দলীয় নয় অবশ্যই। তবে ইংল্যান্ডের সামান্য যা কিছু দলীয় প্রাপ্তি, তা হেলসের ওই ইনিংসেই। যেটির কল্যাণে গ্রুপ ফেবারিট শ্রীলঙ্কাকে হারিয়ে এই বিশ্বকাপে ইংল্যান্ডের একমাত্র জয়। সেটিও ১৯০ রান তাড়া করে! দলকে দারুণ এক জয় এনে দেওয়ার পাশাপাশি হেলসের ইনিংসটাকে বিশেষ করে তুলেছে আরও দুটি ব্যাপার। প্রথমত, যেভাবে ইনিংসটি গড়েছেন এই তরুণ ওপেনার; দ্বিতীয়ত, যে বোলিং আক্রমণের বিপক্ষে খেলেছেন অমন দাপুটে এক ম্যাচজয়ী ইনিংস। ১৯০ রান তাড়াটা প্রায় অসম্ভব হয়ে ওঠে দল শূন্য রানে ২ উইকেট হারালে। হেলসের ব্যাট সেদিন অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছিল।
নিজের খেলা প্রথম দুই বলেই চার মেরে শুরু হেলসের পাল্টা-আক্রমণ। ২ উইকেট নেওয়া কুলাসেকারার পরের ওভারে মেরেছেন আরও দুটি চার। প্রয়োজনীয় রানরেটটাকে কখনোই খুব একটা নাগালের বাইরে যেতে দেননি। ৩৮ বলে ছুঁয়েছেন ফিফটি। রান-বলের টানাপোড়েনটা যখন একটু বেড়ে ৬ ওভারে দাঁড়িয়েছে ৭৩, হেলসের ব্যাটও পরিস্থিতির জবাব দিয়েছে খুনে মেজাজে। অজন্তা মেন্ডিসের এক ওভারেই ২৫ রান! আগে দু-দুবার টি-টোয়েন্টিতে নড়বড়ে নব্বইয়ে থমকে গেলেও সেদিন কুলাসেকারাকে কভারের ওপর দিয়ে উড়িয়ে ছুঁয়েছেন সেঞ্চুরি। ম্যাথুসকে গ্যালারিতে পাঠিয়ে ম্যাচ শেষ করেছেন চার বল আগেই। ১১ চার ও অর্ধডজন ছক্কায় ৬৪ বলে অপরাজিত ১১৬, হেলস্ যখন ব্যাট উঁচিয়ে ফিরছেন, সতীর্থদের চোখে-মুখেই তখন অবিশ্বাস আর মুগ্ধতা!

আপাতত হেলসের ইনিংসের কাছাকাছিও রাখা যাচ্ছে না আর কোনো ইনিংসকে। খানিকটা দূরে থেকে দুইয়ে সম্ভবত উমর আকমল। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ওভারে যখন উইকেট গেলেন, ২ উইকেট হারানো দলের রানরেট ৬-এর নিচে। কিন্তু দমে না গিয়ে নিজের মতোই শট খেলে দূরে ঠেললেন চাপকে। শেষ পর্যন্ত ৫৪ বলে ৯৪ করে আকমল যখন ফিরলেন, দল তখন রানপাহাড়ে। তবে সেই পাহাড়ও টপকানোর কাছাকাছি গিয়েছিল অস্ট্রেলিয়া আরেকজনের রুদ্ররূপে। গ্লেন ম্যাক্সওয়েল উইকেটে গিয়েছিলেন দলের আরও নাজুক অবস্থায়। জুলফিকার বাবরের প্রথম ওভারেই আউট ওয়ার্নার ও ওয়াটসন। সেখান থেকেই আশ্চর্য প্রতি-আক্রমণে চমকে দিলেন ম্যাক্সওয়েল। ৭ চার ও ৬ ছক্কায় ৩৩ বলে ৭৪ রানের ইনিংসটিকে আকমলের চেয়ে খুব একটা পিছিয়ে রাখার সুযোগ নেই। দলের জয়টাই শুধু এগিয়ে রাখছে আকমলকে।
এবি ডি ভিলিয়ার্সের ২৮ বলে অপরাজিত ৬৯ যেমন অমূল্য হয়ে আছে দলকে শেষ চারে তুলে আনায়। কোয়ার্টার ফাইনালে রূপ নেওয়া সেই ম্যাচে উদ্ভাবনী সব শটে ইংলিশ বোলারদের নাকাল করে ছেড়েছিলেন ডি ভিলিয়ার্স, শেষ ৮ বলে করেছিলেন ৩০। সেটাই শেষ পর্যন্ত গড়ে দিয়েছিল ব্যবধান। স্টেফান মাইবার্গ ও টম কুপার আবার মেলে ধরেছিলেন পাওয়ার হিটিংয়ের অপূর্ব প্রদর্শনী। ১৪.২ ওভারে ১৯০ রান তাড়ার চ্যালেঞ্জ ৩ বল আগেই জিতে সেদিন ক্রিকেট-বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল হল্যান্ড। ৭ ছক্কায় ২৩ বলে ৬৩ করে যে ঝড়ের সূচনা করেছিলেন মাইবার্গ, কুপারের হাতে তা রূপ পায় টর্নেডোতে (৬ ছক্কায় ১৫ বলে ৪৫)।
আহমেদ শেহজাদের সেঞ্চুরিটির কথাও বলতে হবে। যদিও সেটা ছিল আগে ব্যাট করে এবং মনোবলহীন বাংলাদেশের বিপক্ষে, কিন্তু টি-টোয়েন্টিতে সেঞ্চুরি সব সময়ই বিশেষ কিছু। আদ্যন্ত ব্যাট করাতেও বাড়তি কিছু পয়েন্ট পাবেন শেহজাদ (৬২ বলে ১১১*)। উল্টো প্রান্তে আছে ড্যারেন স্যামির দুটো ইনিংস। রানের হিসাবে বড় নয়, কিন্তু গুরুত্বে মহামূল্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩ বলে অপরাজিত ৩৪ ও পাকিস্তানের বিপক্ষে ২০ বলে অপরাজিত ৪২—দুটিই দলকে এনে দিয়েছিল দারুণ জয়। দল হারায় যেমন সেরার লড়াইয়ে পিছিয়ে পড়ছে নিউজিল্যান্ডের বিপক্ষে জেপি ডুমিনির ৮৬ (৪৩) ও ইংল্যান্ডের বিপক্ষে মাহেলা জয়াবর্ধনের ৮৯ (৫১ বলে)।
সব মিলিয়ে হেলসের ইনিংসটিকে সেরা বলে রায় দিয়ে দেওয়াই যায়। তবে অবশ্যই ‘আপাতত।’ ফাইনাল যে এখনো বাকি! ফাইনালের মতো মঞ্চে অসাধারণ কোনো ইনিংস খেলে কেউ দলকে শিরোপা জেতাতে পারলে সেরা মানতে হবে তো সেটিকেই!