তবু লড়ে যাবে সাকিনারা
গোলাগুলির শব্দ আর বারুদের গন্ধে ঘুম ভাঙাটা নিত্যদিনের ঘটনা। এখন সময় কিছুটা পাল্টালেও যুদ্ধ কেড়ে নিয়েছে আফগানদের অনেক কিছুই। কেউ হারিয়েছে বাবা-মা, কেউ নিকটাত্মীয়। বিধ্বস্ত এই জনপদের কাবুলে বেড়ে ওঠা সে রকমই এক খেলোয়াড় সাকিনা নূরি। মাত্র তিন মাস আগে তালেবানদের বোমা হামলায় মারা গেছেন বাবা নূর আহমেদ। সাফ মহিলা ফুটবলে খেলতে আসা সাকিনাকে তাই অন্যদের চেয়ে বেশিই মনমরা দেখাচ্ছিল।১০ ভাই-বোনের পরিবার। চার বোনের মধ্যে সবার ছোট সাকিনা বাড়তি আদর পেয়ে থাকে সবার কাছে। শৈশব থেকেই ফুটবলে দারুণ আগ্রহ, বাবাও চাইতেন মেয়ে বড় হলে ফুটবলার হবে। সেই বাবার হঠাৎ মৃত্যুতে ভেঙে পড়েছে সাকিনা, কথা বলতে গিয়ে কেঁদেই ফেলল, ‘বাবা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। বোমার স্প্লিন্টার লেগেছিল তাঁর গলায়। প্রচুর রক্তক্ষরণ হলেও হাসপাতালে নেওয়ার পর সেরে উঠছিলেন বলে মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারিনি।’যুদ্ধের মধ্যে বেড়ে ওঠা, গোলাগুলির আতঙ্কে জীবন কাটলেও খেলার নেশাটা ছাড়েনি সাকিনা। কাবুলের মালালায় উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অবশ্য ইংরেজি বলতে পারে না। সতীর্থ ইয়াসমিন আমিনির মাধ্যমেই কথা হচ্ছিল তার সঙ্গে। জানাল, তিন বছর আগে প্রথম সুযোগ পায় আফগানিস্তান মহিলা দলে। তবে এই প্রথম খেলতে এল দেশের বাইরে। বাংলাদেশে এসে দারুণ উচ্ছ্বসিত ১৬ বছরের এই ডিফেন্ডার।নানা প্রতিকূলতার মধ্যে এগিয়ে যেতে হচ্ছে আফগান মেয়েদের। তালেবানদের কাছ থেকে আসে অনেক হুমকি। তবু দমে যায়নি। এখনো অনুশীলনে গেলে তাদের দেখে লোকে হাসাহাসি করে। কাবুলের আন্তর্জাতিক মিলিটারি কম্পাউন্ডের ভেতরেই শুধু এসব থেকে রক্ষা পাওয়া যায়, একটু নিরিবিলি অনুশীলন সম্ভব ওখানেই।দলের ম্যানেজার খালেদা পপাল মেয়েদের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য লড়ে যাচ্ছেন। তিনিই জানালেন, আফগানিস্তানের প্রথম মহিলা ফুটবল ক্লাব প্রতিষ্ঠা হয় ২০০৪ সালে। এরও দুই বছর পর হয় জাতীয় দল। সাকিনার প্রশংসা ঝরল তাঁর মুখে, ‘ও খুবই ভালো মিডফিল্ডার। সাকিনার বাবা খেলাধুলায় বেশ উৎসাহ দিতেন।’নিজে ভুক্তভোগী ছিলেন বলেই কিনা বললেন, ‘পরিবার থেকে তো ও ভালোই সমর্থন পায়। কিন্তু আমার বাবা মোটেও পছন্দ করতেন না আমি ফুটবল খেলি। একবার তো আমাকে মাত্রাতিরিক্ত ওষুধ খাইয়ে মেরেই ফেলতে নিয়েছিলেন। পরে হাসপাতালে নেওয়া হয় আমাকে। বেঁচে যাই সে যাত্রা। পরে অবশ্য আমি বোঝাই খেলাধুলার গুরুত্বটা। এরপর আমাকে আবার খেলতে অনুমতি দেন বাবা।’বর্তমানে আফগানিস্তান ফুটবল ফেডারেশনের কর্মকর্তা খালেদা। দলের ম্যানেজারের দায়িত্ব নিয়ে কক্সবাজারে এসেছেন। নেপালের কাছে বিধ্বস্ত হলেও ভেঙে পড়েননি এই আফগান নারী, ‘লড়াইয়ের মধ্যেই বেড়ে উঠেছি আমরা। হারতে শিখিনি। সব বাধা পেরিয়ে আমরাও একদিন মাথা তুলে দাঁড়াব। একদিন চমকে দেব সবাইকে।’