তবু শঙ্কার নাম আফ্রিদি
দুই পা দুই দিকে ছড়িয়ে, দুই হাত দুই দিকে উঁচিয়ে। গ্যালারির দিকে তাকিয়ে। পুরো শরীর টানটান। স্রেফ এটুকু বললেই বুঝে ফেলার কথা ক্রিকেট অনুসারীদের। শহীদ আফ্রিদির উদ্যাপন! তবে এশিয়া কাপে খুব কমই দেখা গেছে এই উদ্যাপন। একদম নির্দিষ্ট করে বললে মাত্র দেড়বার!দারুণ এক বলে মুশফিককে বোল্ড করার পর উদ্যাপন ছিল চেনা ভঙ্গিতেই, স্বতঃস্ফূর্ত। কিন্তু জহুরুল বাজে এক শটে উইকেট উপহার দিয়েছিলেন বলেই কিনা, উঁচিয়ে ধরেছিলেন এক হাত। এ জন্যই দেড়বার! দুটোই সেই টুর্নামেন্টের প্রথম ম্যাচের ঘটনা। এরপর আর একবারও দেখা যায়নি সেই উদ্যাপন। সবচেয়ে উজ্জ্বল তারাদের একজন হয়ে এসেছিলেন টুর্নামেন্টে। প্রথম ম্যাচে তবু মিটি মিটি জ্বলেছেন, পরের দুই ম্যাচে একদমই নিষ্প্রভ। কি বোলিং, কি ব্যাটিং—এশিয়া কাপে এবার একেবারেই আফ্রিদির আলো নেই!টুর্নামেন্টে এসেছিলেন ৬৯৯৯ রান নিয়ে। প্রথম ম্যাচ শেষেও রান ওখানেই, ফিরতি ক্যাচ দিয়েছিলেন সাকিবকে। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং পাননি। অবাক করেছে তৃতীয় ম্যাচের ব্যাটিং। আফ্রিদি ১৫ বল খেলে ৯ রান করেছেন, সেটাও আবার ইনিংসের শেষ দিকে নেমে, এমন তো খুব একটা দেখা যায় না! ব্যাটিংটা নিয়ে এখন অবশ্য খুব বেশি প্রত্যাশাও থাকে না কারও। আফ্রিদির ব্যাটিং যে পাকিস্তান দলের চেয়েও অনেক বেশি অননুমেয়!বেশি চোখে লেগেছে বোলিং ব্যর্থতা। ‘মিনি অলরাউন্ডার’ থেকে গত কয়েক বছরে হয়ে উঠেছেন দারুণ কার্যকরী এক স্পিনার। অনেকের মতেই সংক্ষিপ্ত সংস্করণের সেরা স্পিনার। গত বছর ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট (৪৫) নেওয়া স্পিনার ছিলেন তিনিই। কিন্তু এশিয়া কাপে প্রথম ম্যাচের ওই দুই উইকেটের পর উইকেটশূন্য। শ্রীলঙ্কাকে ১৮৮ রানে গুটিয়ে দেওয়া ম্যাচেও ৬ ওভারে গুনেছিলেন ৩২ রান। ভারতের বিপক্ষে ৯ ওভারে ৫৮। তেমন সাফল্য ছিল না আগের সিরিজেও। ইংল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়া সিরিজে প্রথম দুই ম্যাচে তিন উইকেট নেওয়ার পর শেষ দুই ম্যাচেও উইকেট নেই। বছরটা শুরু করেছিলেন আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে। কিন্তু এরপরের ৭ ম্যাচে মোট ৫ উইকেট। এমনিতে মোটামুটি ‘কিপটে’ বোলার হিসেবে পরিচিতি থাকলেও এই ৭ ম্যাচে রান দিয়েছেন ওভারপ্রতি ৫.৩৬!তবে সাময়িক এই দুঃসময় ঝেঁটিয়ে বিদায় করার জন্য আজকের চেয়ে বড় মঞ্চ আর কী হতে পারে! আফ্রিদিকে নিয়ে বাংলাদেশের জন্য শঙ্কার জায়গাটা এখানেই। বড় উপলক্ষের ক্রিকেটার, বড় মঞ্চ অনেক সময়ই বের করে আনে এঁদের সেরাটা। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে করুন, পুরো টুর্নামেন্টে ব্যর্থ আফ্রিদি সেমিফাইনাল-ফাইনালে কী দুর্দান্ত দুটি ইনিংস (৫১ ও ৫৪*) খেলেই না জিতিয়েছিলেন দলকে! বাংলাদেশের বিপক্ষে এমনিতে তাঁর রেকর্ডও দারুণ। ক্যারিয়ার ব্যাটিং গড় ২৩.৫৯, কিন্তু বাংলাদেশের বিপক্ষে ৩৩.৫৩। ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসটাও বাংলাদেশের বিপক্ষে, গত এশিয়া কাপে ৬০ বলে ১২৪! ১৯ ম্যাচে নিয়েছেন ৩১ উইকেট। ফর্ম ভালো না থাকলেও সব মিলিয়ে আজও বড় এক শঙ্কার নাম আফ্রিদি।গোটা বাংলাদেশ চাইবে, আরেকটা দিন অন্তত ঘুমিয়ে থাকুন আফ্রিদি!