তবু শাস্তি হচ্ছে না ক্যাটিচের
বোর্ড, নির্বাচকদের সমালোচনা করায় কী ঝামেলাটাই না পোহাতে হচ্ছে শহীদ আফ্রিদিকে! আফ্রিদির মতো একই ‘অপরাধ’ করেছেন অস্ট্রেলিয়ার সাইমন ক্যাটিচও। পার্থক্য হলো—শাস্তি তো দূরে কথা, ন্যূনতম ঝামেলাটুকুও পোহাতে হচ্ছে না ক্যাটিচকে।কিছুদিন আগে ক্যাটিচের সঙ্গে জাতীয় চুক্তি বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নির্বাচকদের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে ক্যাটিচ বলেন, ‘এটা একেবারেই জঘন্য একটা সিদ্ধান্ত। আমি খুবই হতাশ হয়েছি। খুব দুঃখও পেয়েছি। এ রকমটা শুধু আমার সঙ্গেই নয়, গত কয়েক বছরে অনেকেই নির্বাচকদের এ ধরনের সিদ্ধান্তের শিকার হয়েছেন।’ক্যাটিচের বক্তব্যটা অভিযোগ হিসেবে দেখলে তা সত্যিই গুরুতর। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলে সহজেই ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যানকে শাস্তি দেওয়া যায়। তবে বিষয়টিকে কেবল ‘হতাশার প্রতিফলন’ হিসেবেই দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ‘সাইমনের হতাশাটা আমি বুঝতে পারি। হতাশা থেকেই আজ ও কথাগুলো বলে ফেলেছে। তবে এ বক্তব্যের জন্য ওকে শাস্তি দেওয়ার কোনো কারণ দেখি না আমি’—তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাউদারল্যান্ড। ওয়েবসাইট।