তবু শিরোপা-স্বপ্ন সিদ্দিকুরের

চার দিন ধরে ডায়রিয়া। একই সঙ্গে জ্বর। কাল একটু ভালো লাগছিল। তাই গলফ কোর্সে চলে এলেন সিদ্দিকুর রহমান। চোখেমুখে দুর্বলতার ছাপ। তবু অনুশীলন চালিয়ে গেলেন।
কুর্মিটোলা গলফ কোর্সের ১৬ নম্বর হোলে কিছুক্ষণ অনুশীলন করলেন সকালে। দুপুরে একাডেমির পেছনের গ্রিনে ১০ ফুট দূরত্বে ঘণ্টা খানেক পাটিং সেরে নেন। আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ। ঘরের কোর্সে এশিয়ান ট্যুর—তাই শেষ মুহূর্তে নিজেকে ঝালিয়ে নিতে ব্যস্ত সিদ্দিকুর।
বাংলাদেশে এশিয়ান ট্যুরের তৃতীয় আসর সামনে রেখে দেশি-বিদেশি গলফারদের পদচারণে মুখরিত গলফ কোর্স। দেশে গলফ মানেই তো এখন নতুন আশা। সিদ্দিকুরকে ঘিরে স্বপ্ন। সেটি তিনি কতটা পূরণ করতে পারেন, জানা যাবে আগামী তিন দিনে। তবে এই টুর্নামেন্টে গত দুবার সিদ্দিকুর ভালো করতে পারেননি। গতবার ৩৫তম, প্রথমবার ৩৮তম। তথ্যটা মনে থাকলে তাঁকে নিয়ে খুব বড় আশা করা বাড়াবাড়িই। তবে সিদ্দিকুর ঘুরে দাঁড়াতে জানেন। এটিই তাঁর শক্তি। তা ছাড়া এবার প্রস্তুতিটা নাকি খুব ভালো হয়েছে।
কিন্তু লড়াইটা সহজ নয় অবশ্যই। গতবারের চ্যাম্পিয়ন থাইল্যান্ডের থিটিফুন চুয়াইপ্রাকং এবার না এলেও প্রথম আসরের সেরা সিঙ্গাপুরের মার্দান মামাত কিন্তু এসেছেন। তার ওপর সিদ্দিকুরের সামনে বাধা ঘরের কোর্সে খেলার চাপও। সেই চাপটা জয় করে সিদ্দিকুরের চোখ শিরোপায়, ‘গত দুবার চোটের জন্য ভালো খেলতে পারিনি। আসলে দেশের মাটিতে একটু চাপ থাকেই। সেটা এক পাশে রেখে এবার নির্ভার খেলতে চাই। প্রস্তুতিও মনের মতো হয়েছে।’
কুর্মিটোলায় খেলা যেমন চাপ, আবার এই কোর্স সিদ্দিকুরের জন্য প্রেরণাও, ‘এটা আমার হোম গ্রাউন্ড। জানি কোথায় কী আছে। কোথায় কোন গাছ আছে। কোন জায়গা কতটা উঁচু-নিচু। শুধু আমার নয়, এটা বাংলাদেশের সবার জন্যই বড় সুবিধা।’
সপ্তাহ দুয়েক আগে সিদ্দিকুর সর্বশেষ এশিয়ান ট্যুর খেলেছেন সিঙ্গাপুরে। সেখানে কাট মিস করলেও সেটার প্রভাব কুর্মিটোলায় পড়বে না মনে করেন, ‘সিঙ্গাপুরে কাট মিস করলেও যথেষ্ট ভালো খেলেছি। ওটা ৭১ হোলের মাঠ। অনেক লম্বা। সেখানে খেলা অনেক চ্যালেঞ্জের। সিঙ্গাপুরের মতো খেলতে পারলে এখানে অনেক ভালো ফল আসবে।’
আশায় আছেন সাখাওয়াত হোসেন সোহেলও। বাংলাদেশ ওপেনে নামার আগে সম্প্রতি খেলেছেন মালয়েশিয়া, থাইল্যান্ডে ও সাভারে। এমন প্রস্তুতি আশা জোগাচ্ছে সোহেলকে, ‘চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। যদি সেরাটা দিতে পারি, ইনশা আল্লাহ চ্যাম্পিয়ন হব।’
এবার ২২টি দেশের ১৩৪ জন গলফার খেলছেন। বাংলাদেশেরই পেশাদার গলফার ৩২ জন, অ্যামেচার ৬। বাংলাদেশ দল চোখ রাখবে সজীব আলী, দুলাল হোসেন, মোহাম্মদ নাজিম, জামাল হোসেন, বাদল হোসেন, সাখাওয়াত হোসেন, জাকিরুজ্জামান, লিটন হাওলাদারদের ওপর। টুর্নামেন্টে অর্থ পুরস্কার গতবারের মতোই। তিন লাখ মার্কিন ডলার (প্রায় ২ কোটি ৩৮ লাখ ৪১ হাজার টাকা)।