তবু শিরোপা-স্বপ্ন নেইমারের

ব্রাজিল যেন রাতারাতি বদলে যাওয়া এক দেশ! কলম্বিয়ার সঙ্গে ম্যাচটার আগেও পুরো দেশটা ‘হেক্সা’র স্বপ্নে বিভোর ছিল। হলুদ জার্সির উচ্ছ্বাস ছড়িয়ে ছিল সারা দেশে।
সেই ব্রাজিলিয়ানদের চোখেমুখে এখন হতাশা আর আক্ষেপ৷ মেরুদণ্ডে চোট পেয়ে নেইমারের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ঘটনাটা এলোমেলো করে দিয়েছে সবকিছু৷ কলম্বিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেও তাই হলুদের উচ্ছ্বাস নেই কোথাও৷ কে বলবে এক যুগ পর সেলেসাওরা সেমিফাইনালে উঠেছে! থমথমে পুরো দেশটাকে দেখে মনে হবে বিশ্বকাপের ফাইনাল বুঝি হেরে গেছে ব্রাজিল!
নেইমারও জানেন—এই হতাশা, এই হাহাকার শুধু তাঁর জন্য। পিঠে চোট পেয়েছেন তিনি, কিন্তু আঘাতটা লেগেছে ব্রাজিলিয়ানদের হৃদয়ে। বিছানায় শুয়ে কাতরাচ্ছেন নেইমার, কিন্তু যন্ত্রণাটা তাঁর চেয়ে একটুও কম পাচ্ছে না ব্রাজিলিয়ানরা। সোনার ছেলেকে হারিয়ে সোনালি ট্রফিটার স্বপ্ন যে বিবর্ণ হয়ে গেছে তাদের!
বিবর্ণ হয়েছে কিন্তু শেষ তো হয়ে যায়নি। নেইমার নিজে তাই এখনো আশা ছাড়ছেন না, হতাশ না হওয়ার অনুরোধ করেছেন দেশের মানুষকেও। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) মাধ্যমে এক ভিডিও বার্তায় সেই আশার কথাই শুনিয়েছেন দেশের মানুষকে। বলেছেন যত দ্রুত সম্ভব আবার ফিরতে চান মাঠে, ‘আমার মাথায় আর হৃদয়ে কী চলছে সেটা বলে বোঝাতে পারব না। আমি শুধু বলতে চাই খুব শিগগির আমি ফিরব। যতটা দ্রুত পারা যায় ফিরব।’
ফিরবেন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সত্যিটা হচ্ছে, কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান ক্যামিলো জুনিগার ট্যাকলে পাওয়া চোটের কারণে এবার স্বপ্নপূরণের অভিযানে আর থাকছেন না নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সেই কঠিন সত্যের সামনে দাঁড়িয়েও প্রবল আশাবাদী। তিনি নিজে নেই তো কী হয়েছে, সতীর্থরা তো আছেন। এখনই তাই হতাশ হওয়ার কোনো কারণ দেখেন না নেইমার, ‘এটা আমার জন্য কঠিন সময়। তবে আমার স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি। একটা বাধা আমাকে থামিয়ে দিয়েছে। কিন্তু আমি নিশ্চিত, আমাদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা পূরণের জন্য সবকিছুই করবে আমার সতীর্থরা।’
তেরেসোপোলিসে ব্রাজিলের অনুশীলন ক্যাম্প ছেড়ে নিজের বাড়িতে যাওয়ার আগে করা ভিডিওতে দেখা যায়, কথা বলার সময় নেইমারের চোখ টলমল। তার আগে তাঁকে বিদায় দিতে গিয়ে হাউমাউ করে কেঁদে উঠেছেন সিলভা-লুইজ আর আলভেজরা। বিশ্বকাপে আর খেলতে না পারার কষ্ট চাপা দিয়ে তাই সতীর্থদের আশার কথা শুনিয়ে গেছেন নেইমার, ‘বিশ্বকাপ ফাইনালে খেলার স্বপ্নও ছিল আমার। এবার সেটা হচ্ছে না। তবে আমি নিশ্চিত, সব বাধা পেরিয়ে এগিয়ে যাব আমরা। আমার সতীর্থরা শিরোপা জিতবে এবং উদ্যাপনের সময় আমিও থাকব তাদের সঙ্গে। আমরা সবাই, পুরো ব্রাজিল মিলেই উদ্যাপন করব।’
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও তাঁর চিকিৎসক হোসে লুইজ রুঙ্কো আশ্বস্ত করেছেন, ক্যারিয়ার নিয়ে কোনো ঝুঁকি নেই নেইমারের। মাস দেড়েকের মধ্যেই হয়তো পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন তিনি। এমনকি সম্ভাবনা আছে বেলো হরিজন্তেতে জার্মানির বিপক্ষে সেমিফাইনালটাও মাঠে বসে দেখার, ‘মঙ্গলবারের ম্যাচে দর্শক হিসেবে থাকতে পারেন নেইমার। এটা নির্ভর করছে তাঁর ব্যথার ওপর। যদি ব্যথা না থাকে, তিনি স্বস্তিবোধ করেন, তাহলে কোনো কিছুতেই নিষেধাজ্ঞা নেই।’
স্কলারির দলের জন্য সেটাও যে হবে এক অনুপ্রেরণা। এএফপি, রয়টার্স, স্কাই স্পোর্টস।