তবু শেষ চারে চোখ ইলিয়েভস্কির
পাকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচে ড্র। ভাবা গিয়েছিল নিকোলা ইলিয়েভস্কির মুখটা থমথমে দেখা যাবে। কিন্তু সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ ছিলেন বেশি হাসিখুশি, ‘ছেলেদের খেলায় আমি খুশি। জিতলে ৩ পয়েন্ট পেতাম সত্যি, কিন্তু হারার চেয়ে ১ পয়েন্ট পাওয়া অনেক ভালো।’ ড্র করেও সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদী ৫৭ বছর বয়সী মেসিডোনিয়ান, ‘আশা করি, আমরা সেমিফাইনালে খেলতে পারব।’দেশের বাইরে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করার জন্য ফুটবল ফেডারেশনকে অনেক দিন থেকেই অনুরোধ করে আসছিলেন ইলিয়েভস্কি। শেষ মুহূর্তে মালয়েশিয়ায় একটা প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করতে পেরেছে বাফুফে। প্রথম ম্যাচটা ড্র হওয়ার পেছনে প্রস্তুতি ম্যাচের এই ঘাটতিকেই একটা কারণ বলে মনে করছেন, ‘আমরা চেয়েছিলাম, শক্ত প্রতিপক্ষের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে। সেটা হয়নি।’নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের নয়, সবারই প্রশংসা করেছেন কোচ, ‘ছেলেরা অন্যদিনের চেয়ে অনেক ভালো খেলেছে।’ খুশি তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সেও। কাল মাঠে নামিয়েছেন সোহেল, শাহেদ ও অনিককে। আভাস দিলেন নেপালের বিপক্ষে পরের ম্যাচেও তারুণ্যে ভরসা রাখতে পারেন আরও, ‘ওই দিন হয়তো আরও তরুণ ফুটবলারকে দেখা যেতে পারে। মালেককেও খেলাতে পারি।’কালকের ম্যাচে দেখা গেছে একমাত্র স্ট্রাইকার খেলানোই যেন কোচের কৌশল। প্রথমার্ধে খেলিয়েছেন এমিলিকে, মিঠুনকে দ্বিতীয়ার্ধে। দুজনকে একই সঙ্গে কেনা নামানো হলো না? ইলিয়েভস্কির ব্যাখ্যা, ‘আমার মনে হয়, ফিটনেসের দিক দিয়ে এমিলি ও মিঠুন এই মুহূর্তে খুব বেশি ভালো অবস্থায় নেই। তাই একই সঙ্গে দুজনকে খেলানো সম্ভব নয়।’ওদিকে বাংলাদেশের সঙ্গে ড্রকে যেন জয় হিসেবে দেখছেন পাকিস্তানের সার্বিয়ান কোচ জবিসা মিলোসাভলেভিচ, ‘বাংলাদেশ অবশ্যই আমাদের চেয়ে ভালো দল। তাই ড্রটাই আমাদের কাছে জয়ের সমান।’ তবে পাকিস্তান কাল জিততেও পারত বলে মনে করেন পাকিস্তান কোচ, ‘আমার স্ট্রাইকাররা ভালো কিছু সুযোগ কাজে লাগাতে পারেনি। যদিও বাংলাদেশও একই কাজ করেছে। তবে এটাই ফুটবল।’ তাঁর চোখে পাকিস্তানের সমস্যা ফিনিশিংয়ে, ‘পাকিস্তান দলের সবচেয়ে বড় সমস্যা হলো, তারা ফিনিশিংটা করতে পারছে না। একজন ভালো স্ট্রাইকার দরকার।’ইলিয়েভস্কির মতো শেষ চারে ওঠার স্বপ্ন দেখছেন এই সার্বিয়ানও, ‘এখনো আমাদের শেষ চারে ওঠার সম্ভাবনা রয়েছে। আমি আশা ছাড়ছি না।’