তবু সতর্ক জুভেন্টাস
মৌসুমের অর্ধেক না যেতেই দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে। ইতালির সিরি ‘আ’র শিরোপাটা অনেকেই এবার আগেই জুভেন্টাসের হাতে তুলে দিতে রাজি। তবে জুভ মিডফিল্ডার আন্দ্রেয়া বারজাল্লি ভাবছেন অন্যরকম, ‘আরও ২০টি ম্যাচ বাকি। ৮ পয়েন্ট হয়তো ভালো ব্যবধান, কিন্তু মৌসুম শেষ হতে আরও অনেক খেলা বাকি।’ কাল ক্যালিয়ারির বিপক্ষে ম্যাচটাকে তাই বিন্দুমাত্র হালকা করে দেখছেন না জুভেন্টাসের খেলোয়াড়েরা।
একই দিন মাঠে দ্বিতীয় স্থানে থাকা রোমার প্রতিপক্ষ জেনোয়া আর তৃতীয় স্থানে থাকা নাপোলি খেলবে হেল্লাস ভেরোনার বিপক্ষে। নিজেদের জয়টাই প্রত্যাশিত, মনে মনে জুভের হারও কামনা করবে এই দুই দল। শিরোপা লড়াইয়ে ফেরার এ ছাড়া আর কোনো উপায় নেই ওদের।
দুই পরাশক্তি ইন্টার মিলান ও এসি মিলানের এবার দুর্দিন। সর্বশেষ ছয় ম্যাচের মাত্র একটি জেতা ইন্টার পরশু খেলবে শিয়েভো ভেরোনার সঙ্গে। সর্বশেষ ১০ ম্যাচের মাত্র দুটি জেতা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের প্রতিপক্ষ কাল সাসসুয়োলো। এএফপি।