তবু সতর্ক জুভেন্টাস
২০০৫ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের দুঃস্মৃতি আজ সাময়িক ভুলে থাকতে চাইবেন আন্দ্রেয়া পিরলো। আজ যখন সেল্টিকের মুখোমুখি হবেন, জুভেন্টাস মিডফিল্ডার নিশ্চিতভাবেই আবারও যন্ত্রণায় পুড়তে চাইবেন না।সেবার ইস্তাম্বুলের ফাইনালে মুখোমুখি হয়েছিল এসি মিলান ও লিভারপুল। ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় মিলান। কিন্তু অন্যরূপে দেখা দেওয়া লিভারপুল দ্বিতীয়ার্ধে শোধ করে ফেলে তিন গোলই। পরে টাইব্রেকারে (৩-২) ইংলিশ ক্লাবটি জিতে নেয় শিরোপাই। ওই ম্যাচটা মিলানের আর সবার মতো পিরলোর জন্যও হয়ে আছে সারা জীবনের দুঃস্বপ্ন। কারণ, মিলানের মাঝ মাঠের সেনাপতি ছিলেন তিনিই।প্রায় আট বছর আগের সেই স্মৃতি উঠে আসার কারণ, শেষ ষোলোর দ্বিতীয় লেগটি আজ জুভেন্টাস খেলতে নামছে ওই ৩-০ গোলে এগিয়ে থেকেই। প্রথম লেগে জুভেন্টাস সেল্টিকের মাঠে গিয়ে জিতেছে ৩-০ গোলে। আজ দ্বিতীয় লেগটি ইতালিয়ান চ্যাম্পিয়নরা খেলবে নিজেদের মাঠে।তবে পিরলো সতর্কই থাকতে চাইছেন, ‘ফুটবলে অলৌকিক ঘটনা দেখার যথেষ্ট অভিজ্ঞতাই আমার আছে। লিভারপুলের বিপক্ষে ফাইনালের কথা আমার এখনো মনে আছে। লিভারপুল এক অর্ধেই করেছিল তিন গোল। সেখানে সেল্টিকের সামনে আছে পুরো একটা ম্যাচ।’সেল্টিকের অনুপ্রেরণা হতে পারে পাঁচ বছরের আগের দক্ষিণ আমেরিকার লিবার্তোদোরেস কাপ। সেবার ঘরের মাঠে প্রথম লেগে ৪-২ গোলে হেরেও শেষ পর্যন্ত জিতেছিল মেক্সিকোর আমেরিকা। ব্রাজিলের মারাকানায় ফিরতি লেগে ফ্লামেঙ্গোকে হারিয়েছিল ৩-০ গোলে। যদিও উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাস স্কটিশ ক্লাবটিকে হতাশার বার্তাই দেয়। চ্যাম্পিয়নস লিগ নামকরণের পর গত ২১ বছরে এই প্রতিযোগিতায় নকআউট পর্বে নিজেদের মাঠে হেরেও শেষ পর্যন্ত লড়াই করে জিতেছে মাত্র দুটি ক্লাব। দুই মৌসুম আগে ঘরের মাঠে প্রথম লেগে ১-০ তে হেরেও ইন্টার মিলান বায়ার্ন মিউনিখের মাঠে গিয়ে জিতেছিল ৩-২ গোলে। ফলে বেশি অ্যাওয়ে গোলের সুবাদে উঠে যায় পরের রাউন্ডে। অন্য ঘটনাটির জন্মদাতা আয়াক্স, প্যানাথিনাইকোসের বিপক্ষে ১৯৯৫-৯৬ মৌসুমে।তা ছাড়া, ইউরোপিয়ান টুর্নামেন্টে জুভেন্টাস গত তিন বছরে কখনো হারেনি! এবারও এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের সাত ম্যাচে অপরাজিত। তাই কাজটা কঠিনই। সেটা জেনেও অসম্ভব এক আশায় বুক বাঁধছেন সেল্টিক কোচ নিল লেনন, ‘প্রতিদ্বন্দ্বিতা এবং লড়াইটা জেতার জন্যই সেখানে যাচ্ছি আমরা।’চ্যাম্পিয়নস লিগের আরেক ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হবে ভ্যালেন্সিয়া। প্যারিসের ম্যাচে অবশ্য স্বাগতিক পিএসজি নামছে এগিয়ে থেকেই। প্রথম লেগে ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরেছিল তারা। তবে কাতারি মালিকানাধীন ফরাসি ক্লাবটির জন্য দুঃসংবাদ, আজ তারা পাচ্ছে না গোলমেশিন জ্লাতান ইব্রাহিমোভিচকে। সুইডিশ স্ট্রাইকার খেলতে পারবেন না নিষেধাজ্ঞার কারণে। রয়টার্স, এএফপি।