২০০৮ ইউরোর সেমিফাইনালে রুশ রূপকথাই লিখেছিল রাশিয়া। যার মূল কারিগর ছিলেন আন্দ্রেই আরশাভিন। ওই টুর্নামেন্ট দিয়েই তারকাখ্যাতি পাওয়া ৩১ বছর বয়সী উইঙ্গার ক্লাব ফুটবলে সাম্প্রতিক সময়ে নিজেকে হারিয়ে খুঁজছেন। কিন্তু ইউরোর উত্তেজনা গায়ে লাগতেই আরশাভিন চার বছর আগের সেই রূপে। পরশু নিজেদের প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন এবারও লক্ষ্য তাঁদের বড়ই।রুশ অধিনায়ক গোল করেননি একটিও। তবে মাঠে পাসিং ফুটবলের পসরায় দলের আক্রমণের ঢেউ তুলতে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। যে ঢেউ ভাসিয়ে নিয়ে গেছে চেক প্রজাতন্ত্রকে। রাশিয়া মিশন শুরু করল ৪-১ গোলের জয় দিয়ে। ১৫ মিনিটেই রাশিয়াকে এগিয়ে দেন আলান জাগোয়েভ। নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রোমান শিরোকোভ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভাক্লাভ পিলার চেকদের হয়ে একটি গোল পরিশোধ করলেও রুশদের আক্রমণের ঢেউ বেড়েছে বৈ কমেনি। ফলস্বরূপ ৭৯ ও ৮২ মিনিটে জাগোয়েভ ও রোমান পাভলিউচেঙ্কোর গোলে নিশ্চিত হয় রাশিয়ার বড় জয়।দলের পারফরম্যান্সে কোচ ডিক অ্যাডভোকাত ভীষণ খুশি, ‘চেক প্রজাতন্ত্রের মতো দলের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে চার গোল পাওয়াটা দারুণ ফল।’ তবে সামনে কঠিন পরীক্ষা বলে দলকে সতর্কও করে দিয়েছেন ডাচ কোচ। সুযোগগুলো কাজে লাগাতে পারলে রাশিয়ার জয়টা হতে পারত আরও বড়। সেটা স্বীকার করেও কোচ অধিনায়ক আরশাভিন এবং দলের প্রশংসায় পঞ্চমুখ। চেক কোচ মিকাল বিলেকের স্পষ্ট স্বীকারোক্তি, রাশিয়ানদের পাসিং ফুটবলের সঙ্গে পেরে ওঠেনি তাঁর দল।পোল্যান্ডে আনন্দ, গ্রিসে হতাশা২০০৪ চ্যাম্পিয়নদের ১-১ গোলে রুখে দেওয়ায় পোল্যান্ডে আনন্দের বন্যা বইছে। আনন্দের আতিশয্যে একধাপ এগিয়ে পোলিশ গণমাধ্যম ড্রটাকে দেখছে ‘অর্ধেক জয়’ হিসেবে। ‘অর্ধেক জয়’ শিরোনাম করে পোলিশ দৈনিক গাজেতা ওয়াইবোরজা লিখেছে, ‘আমরা রোমাঞ্চের অভিজ্ঞতা পেলাম, উদ্বোধনী ম্যাচে যা কখনোই ঘটেনি।’ ট্যাবলয়েড সুপার এক্সপ্রেস-এর শিরোনাম, ‘ধন্যবাদ, ছেলেরা!’ কোচ ফ্রানচিশেক স্মুদা তো উচ্ছ্বাসে ভেসে গিয়ে ঘোষণাই দিয়ে ফেললেন, কোয়ার্টার ফাইনালে খেলবে পোল্যান্ড। প্রশংসার কেন্দ্রবিন্দুতে রবার্ট লেভানডফস্কি এবং বদলি গোলরক্ষক শেমেসোয়াফ টাইটন। দুই লাল কার্ডের নাটকীয় ম্যাচে লেভানডফস্কি প্রথমেই এগিয়ে দিয়েছিলেন দলকে। টাইটন নায়ক পেনাল্টি ঠেকিয়ে। লাল কার্ডের পাশাপাশি প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে খলনায়ক হয়ে যান এক নম্বর গোলরক্ষক ভোয়চেচ শেসনাই। কিন্তু কারাগুনিসের পেনাল্টি ঠেকিয়ে দলের হার বাঁচিয়েছেন টাইটন। তবে প্রথমার্ধেই ১০ জনের দল হয়ে পড়ার পরও ড্র করে গ্রিসও বুঝিয়ে দিয়েছে, ২০০৪-এর পুনরাবৃত্তির স্বপ্ন নিয়েই এসেছে তারা। যদিও পেনাল্টি মিস করে জয়ের সুযোগ হাতছাড়া করা, অফসাইডে গোল বাতিল হওয়া—সব মিলিয়ে জয় না পাওয়ায় গ্রিসরা হতাশ। এএফপি।