তবু সতর্ক লেবানন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননের এক খেলোয়াড়ের সঙ্গে পাশাপাশি হেঁটে আসছেন পুলিশের এক সদস্য। অনুশীলন শেষ করে মাঠ ছাড়ার সময় দৃশ্যটা চোখ কাড়ল। নিরাপত্তার কাজে নিয়োজিত ওই পুলিশকে দেখে লেবানন খেলোয়াড়ের মুখে রসিকতা, ‘মি অলসো পুলিশ...মি অলসো পুলিশ।’ মানে তিনিও পুলিশ! আসলেই পুলিশে চাকরি করেন কি না, যাচাইয়ের সুযোগ ছিল না। তবে এটা স্পষ্টতই বোঝা গেল, লেবানন খেলোয়াড়রা ফুরফুরে মেজাজে আছেন। কাল সকালে ঢাকায় নেমেই বিকেলে প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠে হাজির হওয়া দলটি একেবারেই চিন্তাহীন। নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে ৪-০ জয়। বিশ্বকাপের মূল বাছাইপর্বে এক পা দিয়ে রাখা দল তো চিন্তাহীনই থাকার কথা। এশিয়ার সেরা বিশে ঢোকার অপেক্ষায় লেবানন। আগামীকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরতি ম্যাচ। ৩-০ গোলে হারলেও ক্ষতি নেই জানার পর লেবানিজদের শরীরের ভাষা কেমন হবে, তা কি আর বলার দরকার আছে! কিন্তু লেবানন কোচ এমিল রুস্তম মিডিয়ার সামনে পেশাদারিত্বের খোলসে আটকে ফেলেন নিজেকে। ‘বৈরুতের ৪-০ জয়ের কথা আমরা ভুলে গেছি। ফুটবলে এমন জয় একদিন পাওয়া যেতেই পারে। কিন্তু ঢাকায় নতুন একটা ম্যাচই আমরা খেলব। তাই আমরা সতর্ক।’ প্রাসঙ্গিক প্রশ্নে তাঁর উত্তর, ‘এখানকার কন্ডিশন খুব ভালো। বৈরুতের মতোই। আমাদের ওখানে এখন তাপমাত্রা ৩৯ থেকে ৪৩ ডিগ্রি। কাজেই কোনো সমস্যা হবে না।’ ইংরেজি জানেন ভালোই। টপাটপ মিনিট দুয়েক কথা বলেই দলবল নিয়ে ছুটলেন হোটেলে। তাতেই উঠে এল প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ প্রসঙ্গ। ‘বাংলাদেশ ভবিষ্যতের জন্য ভালো দল। তারা খুব ভালো সংগঠিত, শৃঙ্খলা আছে দলে’—বলার পর রুস্তম যোগ করেন, তাঁর দলের দুজন খেলোয়াড় ইনজুরিতে। লেবাননের একসময়ের অন্যতম সেরা খেলোয়াড় পল রুস্তম তাঁর ছেলে। এক প্রশ্নে বললেন, ‘আমি কোচ থাকলে তাকে নেব না।’ ‘অনুশীলন মাঠটা খুবই বাজে। হাঁটলেই মনে হচ্ছে ইনজুরি হবে। আমি মনে করছি না, আমি এখন কোনো ফুটবল মাঠে আছি। এটির অবস্থা এত খারাপ’—কথার শুরুতেই যেন ক্ষোভে ফেটে পড়লেন রুস্তম। ওই সময় মাঠের এক পাশে বাংলাদেশ লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল অনুশীলন করছিল। লোবনন মাঠে থাকতে থাকতেই এল বাংলাদেশ দল। শেখ জামাল অধিনায়ক আমিনুলের সঙ্গে এই ফাঁকে মাঠেই দেখা হয়ে গেল বাংলাদেশ দলের কোচ ইলিয়েভস্কির। লেবানন ম্যাচের বিপর্যয় নিয়ে কথা বললেন, পাশাপাশি দেশের সেরা গোলরক্ষককে জাতীয় দলে ফিরতে আবারও এই সুযোগে অনুরোধ ছিল মেসিডোনিয়ান কোচের কণ্ঠে।ভদ্রলোক আস্তে আস্তে দেখছেন বাংলাদেশ ফুটবলের রুগ্ণ রূপটা। তাই কপালে চিন্তার ভাঁজ পড়তেও সময় লাগল না। অনুশীলন মাঠে আসার আগে বাফুফে ভবনের তৃতীয় তলায় সম্মেলনকক্ষে লেবানন ম্যাচের ভিডিওটা খেলোয়াড়দের নিয়ে বড় পর্দায় দেখলেন। ম্যাচে বাংলাদেশ দল অনেক ভুল করেছে। ম্যান মার্কিং ঠিকভাবে করেনি খেলোয়াড়েরা। দেখা গেল, বক্সে প্রতিপক্ষের খেলোয়াড়েরা অরক্ষিত। কিন্তু বাংলাদেশ খেলোয়াড়দের সেদিকে নজরই নেই। ছিল প্রচুর ভুল পাস।প্রতিপক্ষের লম্বা খেলোয়াড়দের সঙ্গে কোনো দিক থেকেই পেরে ওঠা যায়নি। একরকম ছন্নছাড়াই খেলেছে বাংলাদেশ দল। ভিডিওতে তা দেখে খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন কোচ। মাঠে এসে বললেন, ‘আমি কী করব? আমার পরিকল্পনা অনুযায়ী তো খেলোয়াড়েরা খেলতে পারছে না।’ কোচের মনে জেগে উঠেছে অনেক প্রশ্ন। ঢাকার মাঠে শেখ জামালের আফ্রিকান খেলোয়াড় লোগাবোগা, আউক কিংবা আবাহনীর সামাদদের কেন নাগরিকত্ব দিয়ে খেলায় না বাংলাদেশ? আলাদা করে উঠে আসে দুই স্ট্রাইকার প্রসঙ্গ। বললেন, ‘এমিলি স্লো। মিঠুন গতিসম্পন্ন কিন্তু টেকনিকে সমস্যা আছে। তাদের আরও ভালো খেলতে হবে।’ লেবানিজরা শারীরিকভাবে অনেক এগিয়ে। কাল অনুশীলন মাঠে সেটি বারবার উঠে এল সবার কথায়।