তবু সন্তুষ্ট নন লো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্তুগালকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরুই করেছিল জার্মানি। এরপর ঘানার সঙ্গে দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়ে গতিটা একটু স্তিমিত করেছিল তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার স্বরূপে ফিরল জার্মানি, জিতেই পা রাখল পরের পর্বে।
জার্মান কোচ জোয়াকিম লো তবু পুরোপুরি সন্তুষ্ট নন। এখনো দলের খেলায় আরও উন্নতি করার সুযোগ দেখছেন, ‘আমরা বেশ গুছিয়ে খেলেছি। শেষ মিনিটের আগ পর্যন্ত আমরা যুক্তরাষ্ট্রকে কোনো সুযোগ দিইনি। আমরা ফাইনাল থার্ডে গিয়ে কয়েকটি সুযোগ নষ্ট করেছি। সেগুলো কাজে লাগাতে পারলে আমরা দুই বা তিন গোলে জিততে পারতাম।’
রেসিফের জলমগ্ন মাঠে অবশ্য বল নিয়ন্ত্রণ করাই হয়ে পড়েছিল দুরূহ। অবিশ্রান্ত বৃষ্টিতে টমাস মুলারের এক গোলেই জিতেছে জার্মানি। জয়টা আক্রমণাত্মক জার্মানির সঙ্গে ঠিক যায় না বটে, তবে মুলার আপাতত এটাই মেনে নিচ্ছেন, ‘আমরা বেশ প্রাধান্য বিস্তার করে খেলেছি। আমেরিকানরা তাদের নিজেদের অর্ধে বসেছিল, এরপর আমাদের জন্য এটা শুধু ধৈর্যের লড়াই। আমরা হয়তো ১-০ গোলে ম্যাচটা জিতেছি, তবে এটাকে আমরা মেনে নিচ্ছি। অন্তত ঘানার চেয়ে সব দিক দিয়েই আমরা ভালো খেলেছি।’
তবে দলের খেলায় ঠিক উচ্ছ্বসিত হতে পারছেন না ডিফেন্ডার ম্যাটস হামেলস, ‘ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। আমরা নিজেদের মনোযোগটা ধরে রেখেছিলাম, যদিও আহামরি কিছু খেলতে পারিনি। এই বিশ্বকাপে কোনো ম্যাচই অবশ্য সহজ নয়। এই ম্যাচটাকেও সে রকম মনে করার কোনো কারণ নেই।’ ফিফাডটকম, গোলডটকম।