তবু সামনে তাকাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট হারের পর ওয়ানডেও হার দিয়ে শুরু। সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচটাতেও হার ছিল। এখন পর্যন্ত জিম্বাবুয়ে সফরটা আমাদের জন্য সুখকর নয়। যা হয়েছে ভুলে যাওয়াই উত্তম। সামনের চারটি ওয়ানডে ম্যাচ ধরে ধরে এগোনোর চিন্তা করার সময় এখন।ক্রিকেটে এমন হতেই পারে। তবে নিশ্চয়ই দলের পরাজয় আমাদের আহত করে। হতাশ হই। কিন্তু মনে রাখবেন, ক্রিকেট অনিশ্চত গৌরবময় খেলা। কাল প্রথম ওয়ানডেটা আমরা হারলাম জিম্বাবুয়ের ভালো বোলিংয়ের কারণে। ভিটরি ৫টি উইকেট নিল।আসলে প্রথম আট ওভারেই তো আমরা ম্যাচ থেকে অনেকটা ছিটকে গেলাম। ওয়ানডেতে ওই সময়টায় অন্তত ৪০-৪৫ তোলা উচিত, তা দুই উইকেট গেলেও ক্ষতি নেই। আমাদের রান তখন মাত্র ১৫। ওই অবস্থা থেকে দলকে টেনে তোলার জন্য যখনই চালাতে গেল তামিম-ইমরুলরা, তখনই আউট। এখানেই জিম্বাবুয়ে বোলারদের কৃতিত্ব। আমরা ম্যাচের প্রথম দিকেই অনেকগুলো উইকেট হারিয়ে ফেলেছি। তখনই দল ব্যাকফুটে। এ অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে ভালো একটা স্কোর পাওয়া সত্যিই কঠিন। এবং সেটিই শেষ পর্যন্ত আমরা দেখলাম।ওরা সঠিক জায়গায় বল ফেলে গেছে। জিম্বাবুয়ের বোলিং দেখলাম আগের চেয়ে অনেক ভালো হয়েছে। স্টামিনা, ফিটনেস—সবই ভালো। হিথ স্ট্রিকের সাহায্য ওদের জন্য বিরাট প্রাপ্তি। শুনেছি, হিথ তাঁর খেলোয়াড়ি অভিজ্ঞতা ওদের সঙ্গে বিনিয়ম করেন। যেটা জিম্বাবুয়ের বোলারদের বেশ ধারালো করে তুলেছে।শুধু বোলিং না, জিম্বাবুয়ের সবকিছুই কেমন যেন বদলে গেছে। তবে ওদের কাছে টেস্ট হারের পর আমার উপলব্ধি, এটা খেলারই অংশ। কাজেই এ নিয়ে হা-হুতাশ করার মানে নেই। ওয়ানডে সিরিজ আমাদের জন্য সম্মান পুনরুদ্ধারের উপলক্ষও মনে করি না। এভাবে না দেখাই ভালো। কারণ এটি খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দিলে বিপরীত ফলও হতে পারে। ওয়ানডে সিরিজটাকে আর দশটা সিরিজের মতোই দেখা উচিত।কথায় কথায় ব্রেন্ডন টেলর প্রসঙ্গও চলে আসছে। আমার এক ওভারে সে ১৮ রান নিয়ে জিম্বাবুয়েকে জিতিয়েছিল। এটা ভাবলে খারাপ লাগে। তবে এর চেয়েও অনেক বড় দুঃস্মৃতি মানুষ ভুলে থাকে। আমিও সেভাবেই নিয়েছি ব্যাপারটা। টেলর এখন অধিনায়ক হয়ে যেন আরও পরিণত। টেস্টে ওর সেঞ্চুরিটা এল দলের প্রয়োজনের সময়। এটাই হলো একজন ব্যাটসম্যানের বড় কৃতিত্ব। সঠিক সময়ে নিজেকে তুলে ধরতে পারার একটা দারুণ ক্ষমতা আছে ওর।ভিটরিও দারুণ করছে। ওকে ‘অর্ডিনারি’ বোলার বলে তামিম একটা আলোচনা তুলে দিয়েছে বাজারে। কেন, কী উদ্দেশ্যে ওটা বলেছে তামিম, সেটি সে-ই জানে। তবে আমার ধারণা, তামিম ভিটরিকে তাচ্ছিল্য করে বলেনি। পরদিনের কাগজে দেখেছি, তামিম বলেছে, সে একটা পরিকল্পনা থেকে ও রকম বলেছিল, সেটা হয়তো কাজে লাগেনি। যা-ই হোক, এটা হতেই পারে।মাঠে-মাঠের বাইরে বেশ আগ্রহ তৈরি করেছে সিরিজটা। আমি তো চাইব, প্রথম ওয়ানডেটা হারলেও যেন আমরা ৪-১-এ জিতি। তবে সেটি হয়তো কঠিন। তার পরও চাইব, বাংলাদেশের অনুকূলে ৩-২ হোক। এই সিরিজে আমরা নিজেদের ফেবারিট ভাবছি, তাই আমাদের হারা উচিত নয়। তবে আবারও বলি, খেলাটা ক্রিকেট। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই সবকিছু বিচার-বিশ্লেষণ করা উচিত।বাংলাদেশ দলের প্রতি আমার একটাই কথা, চাপ নেওয়ার দরকার নেই। ভারতের মতো দল ৩-০-তে টেস্ট সিরিজ হারতে চলেছে। কাজেই সামনের ম্যাচগুলো নিয়ে ইতিবাচক ভাবতে হবে। একটা কথা না বলে পারছি না, দলের মধ্যে কিছু সমস্যার কথা কাগজে এসেছে। আমি বিশ্বাস করতে চাই, দলে কোনো সমস্যা নেই। যদি থেকেও থাকে, তাহলে ওসব নিয়ে সময় নষ্ট না করে সবারই উচিত কোচ ও অধিনায়ককে সহায়তা করা।