তবু সামনে তাকিয়ে দেশম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের শেষ মুহূর্তে ফ্রান্সকে সমতায় ফেরানোর এ সুবর্ণ সুযোগটিও কাজে লাগাতে পারলেন না করিম বেনজেমা। তাঁর ভাসানো শটটি ফিরিয়ে দিয়ে জার্মানিকে সেমিফাইনালে তুলে দিলেন ম্যানুয়েল নয়্যার l রয়টার্স
ম্যাচের শেষ মুহূর্তে ফ্রান্সকে সমতায় ফেরানোর এ সুবর্ণ সুযোগটিও কাজে লাগাতে পারলেন না করিম বেনজেমা। তাঁর ভাসানো শটটি ফিরিয়ে দিয়ে জার্মানিকে সেমিফাইনালে তুলে দিলেন ম্যানুয়েল নয়্যার l রয়টার্স

স্বপ্নভঙ্গের যন্ত্রণা কুরে কুরে খাচ্ছে। কিন্তু হতাশাকে চাপা দিয়ে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তাকাচ্ছেন সামনে, ঘরের মাঠে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের দিকে। বিশ্বকাপ স্বপ্নভঙ্গ হলেও তরুণ এই দলটির মধ্যে দেশম খুঁজে পাচ্ছেন অনেক ইতিবাচক দিক।
ম্যাচের কয়েক সেকেন্ড বাকি থাকতে দারুণ একটা সুযোগ পেয়েছিলেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার গোলটা করতে পারলেই সমতায় ফেরে ফ্রান্স। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তাহলে গল্পটা অন্য রকম হলেও হতে পারত। কিন্তু শট নির্বাচনে ভুল করে বেনজেমা ভাসিয়ে মারলেন। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ঠেকিয়ে দিলেন দারুণ দক্ষতায়।
শুধু শেষ মুহূর্তের ওই একটিই নয়, পরশু মারাকানায় গোল শোধের সুযোগ অনেকবারই পেয়েছে ফ্রান্স। কিন্তু ফ্রান্সের ধারহীন আক্রমণভাগ সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। চাইলে কোচ দেশম খেলোয়াড়দের শূলে চড়াতে পারতেন। কিন্তু বাস্তববাদী দেশম মেনে নিচ্ছেন বাস্তবতাকেই। বলছেন, জার্মানির অভিজ্ঞতার কাছেই মার খেয়েছে তাঁর দল।
গত তিনটি বিশ্বকাপেই সেমিফাইনালে খেলেছে জার্মানি। তাদের এই দলটাই খেলেছে ২০১০ বিশ্বকাপেও। অন্যদিকে ২০১০ বিশ্বকাপের সেই কেলেঙ্কারি পেছনে ফেলতে দেশম ফ্রান্স দলটাকে প্রায় নতুন চেহারায় গড়ে তুলেছেন। দলের অধিকাংশ খেলোয়াড়েরই প্রথম বিশ্বকাপ ছিল এটি। তার পরও ব্রাজিলে দলের পারফরম্যান্সে খুশি দেশম, ‘এটা ছিল বড় মঞ্চের একটা ম্যাচ। জার্মানি দল হিসেবে অনেক বেশি অভিজ্ঞ এবং শুরুর দিকেই তারা সেট পিস থেকে গোল করেছে। শুরুতে আমরা একটু খোলসবন্দী থাকলেও দারুণ কিছু সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু আমরা তাদের গোলমুখে ফিনিশিংয়ে দক্ষ ছিলাম না।’ জার্মানির রক্ষণে বেনজেমা-গ্রিজম্যানরা আতঙ্ক ছড়াতে পারেননি সেটা যেমন স্বীকার করেছেন, দেশম এটাও স্বীকার করেছেন শেষ দিকে জার্মানিও আরও গোল পেতে পারত, ‘শেষ দিকে আমরা উন্মুক্ত হয়ে পড়েছিলাম। তারা দ্বিতীয় গোল পেতেই পারত। হতাশায় পেয়ে বসেছিল খেলোয়াড়দের।’
ম্যাচ শেষে দলের ড্রেসিংরুমের বর্ণনা করে দেশম বলেছেন, ‘প্রত্যেকেই দুঃখ পেয়েছে, প্রত্যেকেই হতাশ। দলের একজন হিসেবে আমার অনুভূতিটাও একই রকমই। আমরাও সেমিতে যেতে চেয়েছিলাম। কিন্তু আমি মনে করি না দুই দলের মধ্যে বিশাল ব্যবধান ছিল। করিম কয়েকটি সুযোগ পেয়েছে। কিন্তু সে গোল করতে পারেনি। তবে আমরা শেষ পর্যন্ত লড়েছি।’ স্বপ্ন ভেঙে যাওয়ায় দলের সবাই হতাশ। তবে তরুণ উইঙ্গার গ্রিজমানের কথায় মনে হচ্ছে দলের আর সবার চেয়ে তিনি একটু বেশিই হতাশ, ‘এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় হতাশা।’ তবে তিনিও পাখির চোখ করতে চাইছেন ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপকে, ‘আমার জন্য এখানে আসাটা ছিল গর্বের, এটা ছিল স্বপ্ন। তবে এখন আমাদের ইউরোর জন্য প্রস্তুত হতে হবে।’ এএফপি।