তবু সিজারই এক নম্বর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই হাসিটা বিশ্বকাপ শেষেও ধরে রাখতে চান হুলিও সিজার, কাল ব্রাজিলের ট্রেনিং ক্যাম্পে সংবাদ সম্মেলনে l রয়টার্স
এই হাসিটা বিশ্বকাপ শেষেও ধরে রাখতে চান হুলিও সিজার, কাল ব্রাজিলের ট্রেনিং ক্যাম্পে সংবাদ সম্মেলনে l রয়টার্স

তিনি বলছেন এক, অথচ তাঁর ফর্ম বলছে অন্যটা৷ হুলিও সিজারের কথায় আর পারফরম্যান্সে ইদানীং এতই অমিল! এই যেমন বিশ্বকাপের অনুশীলন শুরুর পর পরশু প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ‘গত বিশ্বকাপটা যে অবস্থায় খেলতে গিয়েছিলাম, এবার তার চেয়ে ভালো অবস্থায় আছি। মনোযোগটা ওইবারের চেয়ে বেশি, প্রস্তুতিও তুলনামূলক ভালো।’
বললেন বটে। তবে পেছনে ফিরে তাকালে সিজারের নিজের কাছেই কথাটা ভুল মনে হবে। গত বিশ্বকাপের হুলিও সিজার ছিলেন ইন্টার মিলানের ট্রেবলজয়ী দলের অতন্দ্র প্রহরী। সিরি ‘আ’র সেরা তো বটেই, হয়েছিলেন ২০০৯-১০ মৌসুমে উয়েফার সেরা ক্লাব গোলরক্ষকও। এবার সেই সিজার কুইন্স পার্ক রেঞ্জার্সের হয়ে মৌসুমের বেশির ভাগ সময় বসে কাটিয়েছেন। গত ফেব্রুয়ারিতে ধারে টরন্টো এফসিতে যাওয়ার পর মেজর লিগ সকারে সাকল্যে ৭িট ম্যাচ খেলেছেন, ওই ৭ ম্যাচেই খেয়েছেন ৯ গোল! বিশ্বকাপ দলে ডাক পাওয়া তিন গোলরক্ষকের মধ্যে একাদশে কার সুযোগ পাওয়া উচিত—এ নিয়ে কিছুদিন আগে একটা জরিপ করেছিল ব্রাজিলের স্পোরটিভি। সিজারকে বাদ দিয়ে বেশির ভাগ ব্রাজিলিয়ান প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন অ্যাটলেটিকো মিনেইরোর গোলরক্ষক ভিক্টরকে৷ এই সিজারে আস্থা এতই কম ব্রাজিলিয়ানদের!
তাঁর সৌভাগ্য, ব্রাজিলিয়ানদের আস্থা না থাকলেও কোচ লুইস ফেলিপে স্কলারির এক নম্বর পছন্দ এখনো তিনিই। সে জন্য অবশ্য কোচের কাছে কৃতজ্ঞতার কমতি নেই সিজারের। টেরেসোপোলিসের অনুশীলন ক্যাম্পে পরশু সংবাদ সম্মেলনে অন্য দুই গোলরক্ষক জেফারসন ও ভিক্টরকে পাশে রেখেই স্বীকার করলেন, ‘যদি অন্য কোনো কোচ থাকত, আমি জানি না, আজ আমি এখানে থাকতাম কি না।’
তবে কোচের এ আস্থার পরও দলে জায়গা ধরে রাখাটা যে তাঁর জন্য কিছুটা কঠিন সেটা অস্বীকার করেননি দেশের হয়ে ৭৮ ম্যাচ খেলা এই গোলরক্ষক, ‘আমার পাশে এমন দুজন গোলরক্ষক বসে আছে, যাদের সামর্থ্য আছে এই পর্যায়ে খেলার। সত্যি কথা বললে, আমার নিজেরও মনে হচ্ছে না আমি একাদশে নিশ্চিত।’
গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের বিপক্ষে তাঁর ভুলের মূল্যেই হেরেছিল ব্রাজিল। দায় নিয়ে পরে বেশ কিছুদিন দলের বাইরেও থাকতে হয়েছে তাঁকে। কিন্তু স্কলারি তাঁর ওপর আস্থা রেখেই সুযোগ দেন গত বছর কনফেডারেশনস কাপে। সেই আস্থার প্রতিদান দিয়েছেন টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়ে।
এবার কি সিজার পারবেন সেই প্রত্যাশা পূরণ করতে? এএফপি।