তবু সিরিজটা মনে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্, তামিম যদি তৃতীয় দিনটা পার করে দিতে পারতেন... ৩ উইকেটে ২৯০ রান তোলার পর দ্বিতীয় ইনিংসে যদি হুড়মুড়িয়ে ভেঙে না পড়ত বাংলাদেশের ব্যাটিং... আশরাফুল, সাকিব, রকিবুলরা যদি দাঁড়িয়ে যেতেন উইকেটে...। একটা আক্ষেপ নিয়েই শেষ হলো বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। শুধু দ্বিতীয় টেস্টেই তো নয়, আক্ষেপ ছিল প্রথম টেস্টেও। মুশফিকুরের সেঞ্চুরির পর পঞ্চম দিন ম্যাচের যে সময় ছিল তাতে আর কয়টা উইকেট হাতে থাকলেই ড্র করতে পারত বাংলাদেশ! তবে শুধুই আক্ষেপের নয়, রোমন্থনের মতো অনেক কিছুই দিয়ে গেল ২ টেস্টের সিরিজ।শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীর, বীরেন্দর শেবাগের মতো ব্যাটসম্যানদের ছাপিয়ে একটা জায়গায় নিজেকে সবার ওপরে তুলেছেন তামিম ইকবাল। ঢাকায় খেলা তাঁর ১৫১ রানের ইনিংসটাই সিরিজ-সর্বোচ্চ, পেছনে পড়ে গেছে টেন্ডুলকারের ১৪৩ রান। এক ইনিংসে সর্বোচ্চ ৩টি ছক্কা হাঁকানোর কৃতিত্বও তামিমের। আরও একটা জায়গায় তামিম সবাইকে ছাড়িয়ে। এক ইনিংসে ৪ ও ৬ থেকে সর্বোচ্চ ৯০ রান নিয়েছেন তিনি (১৫১ রানের ইনিংসে ১৮টি চার, ৩টি ছয়)।সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংসটিও বাংলাদেশি ব্যাটসম্যানের। ন্যূনতম ৩১ বল খেলা ইনিংসগুলোর মধ্যে সবার শীর্ষে আশরাফুলের ৩৯ রান। ৬টি চারে ৩১ বলে খেলা এই ইনিংসটির স্ট্রাইক রেট ১২৫.৮০!ইনিংস-সেরা বোলিংটি (৭/৮৭) জহির খানের, তবে আর কোনো ভারতীয় বোলার ইনিংসে ৫ উইকেট পাননি। এ ক্ষেত্রে ভারতকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। দুই বোলার—শাহাদাত হোসেন ও সাকিব আল হাসান নিয়েছেন ৫ উইকেট।সিরিজে সর্বোচ্চ ৮টি ডিসমিসাল মুশফিকুর রহিমের। ৮টি ডিসমিসাল মহেন্দ্র সিং ধোনিরও। আরও একটা জায়গায় মুশফিকুর-ধোনি সমানে সমান। এক ইনিংসে সর্বোচ্চ ৫টি ডিসমিসাল দুজনেরই।