তবু সুযোগের অপেক্ষায় ফ্লেচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দ্রে ফ্লেচার
আন্দ্রে ফ্লেচার

একটা ইনিংস কী দারুণভাবে সবকিছু বদলে দিতে পারে! দুই দিন আগেও যিনি জানতেন না টি-টোয়েন্টি বিশ্বকাপে আদৌ কোনো ম্যাচ খেলার সুযোগ হবে কি না, সেই আন্দ্রে ফ্লেচারই এখন ওয়েস্ট ইন্ডিজের নায়ক। পরশু চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৪ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংসটা তাঁকে আলোতে নিয়ে এসেছে।
এই টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ফ্লেচারের। শুরুটা অবশ্য চোখে পড়ার মতো হয়নি। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টি-টোয়েন্টির পর টানা চারটি ওয়ানডে খেললেন। এই ৫ ম্যাচে তাঁর সর্বোচ্চ ইনিংসটি ছিল ২৬ রানের। ও রকম একটা শুরুর কারণেই হয়তো দলে নিয়মিত হতে পারলেন না, আসা-যাওয়ার মধ্যে থাকলেন। এই বিশ্বকাপেও তাঁকে দলে নেওয়া হয়েছিল অনেকটা বিকল্প খেলোয়াড় হিসেবে। জানতেন একাদশে সুযোগের অপেক্ষায় থাকতে হবে।
ভাগ্যক্রমে সুযোগটা এসে গেল পরশু শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই। হয়তো একটু নিচের দিকেই ব্যাট করতে হতো। কিন্তু ফিল্ডিংয়ের সময় ক্রিস গেইল চোট পাওয়ায় নামতে হলো ওপেনিংয়েই। কী দারুণভাবেই না সুযোগটা কাজে লাগালেন ফ্লেচার! ম্যাচজয়ী ইনিংসটা খেলার পর গ্রেনাডার এই ব্যাটসম্যানও তাই উচ্ছ্বসিত, ‘উইকেটে ব্যাট করাটা কঠিন ছিল। আমাদের কয়েকটা উইকেট পড়ে যাওয়ার পর আমি ঠিক করলাম শেষ পর্যন্ত ব্যাট করে যাব। দলকে জিতিয়ে ফিরতে পেরেছি, এতেই আমি খুশি।’
গেইল ব্যাটিং করতে না পারলে ওয়েস্ট ইন্ডিজ আদৌ কতটা চ্যালেঞ্জ নিতে পারবে, সেই সংশয় ছিল অনেকের। ফ্লেচারের ব্যাট সেই সংশয় দূর করে দিয়েছে। অধিনায়ক ড্যারেন স্যামিও তাই নির্ভার হয়ে বলতে পারছেন, ‘আমরা দেখিয়ে দিলাম, ওয়েস্ট ইন্ডিজ একজনের দল নয়। আপনি যখন কাউকে দলে নেন আর সে ম্যাচ জিতিয়ে আসে, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’
ফ্লেচারের দুর্দান্ত ইনিংসটা ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে যাওয়ার পথ যেমন অনেক সহজ করে দিয়েছে, অধিনায়ককেও দিয়েছে অনেক বিকল্প। তবে এত কিছুর পরও আগামী ম্যাচে একাদশে নিজের জায়গা পাকা মনে করেন না ফ্লেচার, ‘এটা নির্ভর করছে আমরা কোন দলের বিপক্ষে খেলছি এবং সেখানে আমাদের কৌশল কী থাকছে, তার ওপর। পরের ম্যাচটা খেলবই, এ কথা আমি নিশ্চিত বলতে পারছি না। আমাকে আবারও সুযোগের অপেক্ষাতেই থাকতে হবে।’ ইন্ডিয়া টুডে।