তবু সুয়ারেজের পাশে!
কামড় দিয়েছেন সুয়ারেজ। অথচ দোষ নাকি কিয়েলিনির। সতীর্থকে রক্ষাকবচ দিতে গিয়ে উরুগুয়ে ডিফেন্ডার ডিয়েগো লুগানো কিয়েলিনিকে দাঁড় করিয়ে দিয়েছেন কাঠগড়ায়!
লুগানো দাবি করছেন, কামড় দেওয়ার মতো কোনো ঘটনাই হয়নি, ‘আমাকে আগে ঘটনাটা দেখাতে হবে, কারণ আমি কিছুই দেখিনি।’ দোষ চাপালেন কিয়েলিনির ওপর, ‘কিয়েলিনির মনোভাবটাই যত নষ্টের মূল। খেলোয়াড় হয়ে আপনি কাঁদুনি গাইতে গাইতে মাঠ ছাড়তে পারেন না। সে দারুণ খেলোয়াড়, কিন্তু যা করল সেটা ইতালির ফুটবলের সঙ্গে যায় না। মানুষ হিসেবে সে আমাকে পুরোপুরি হতাশ করেছে।’
শুধু কিয়েলিনি নয়, সুয়ারেজ পাশে পাচ্ছেন কোচ অস্কার তাবারেজকেও। তবে উরুগুয়ে কোচ লুগানোর চেয়ে রয়েসয়েই দাঁড়ালেন পাশে, ‘আমি ছবিটা দেখতে চাই। আমি এখনো ঘটনাটা দেখিনি। আমি মনে করি, রেফারিও দেখেনি মাঠে কী হয়েছে। হয়তো সুয়ারেজ কিছু ভুল করেছে, কিন্তু অনেকের উদ্দেশ্যই থাকে ওর বিরুদ্ধে কিছু লেখার সুযোগ খোঁজার। ওর বিরুদ্ধে অনেকেরই একটা বৈরীভাব আছে।’ এরপর যেটা বললেন সেটা আরেক দফা বিতর্ক উসকে দিতে পারে, ‘এটা বিশ্বকাপ। সস্তা নৈতিকতা দেখানোর জায়গা নয়।’ এএফপি, গোলডটকম।