তবু সেই বৃষ্টি-বাধা
সূচি বদলেও লাভ হলো কই? সিরিজটা হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। তিনটি টেস্টেই বৃষ্টি হানা দেওয়ার পর সম্ভাব্য পরিণতির কথা ভেবে ওয়ানডে সিরিজটা পিছিয়ে দেওয়া হলো। কিন্তু পিছু ছাড়ল না বৃষ্টি। শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের বদলি সূচির প্রথম ওয়ানডেটাও পণ্ড হয়ে গেছে মধ্যাহ্নবিরতিতে নামা বৃষ্টিতে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হবে আগামী পরশু। বৃষ্টি নামার আগে অবশ্য সিরিজের বাকিটা আর বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাসের রসদ পেয়েছেন আড্রিয়ান বারাথ ও রামনরেশ সারওয়ান। ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডেতে আড্রিয়ান বারাথ পেয়েছেন তাঁর প্রথম সেঞ্চুরি। অভিজ্ঞ রামনরেশ সারওয়ান রাখতে পেরেছেন প্রতিজ্ঞা। ফিটনেস সমস্যা আর বাজে ফর্মের জন্য সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন, বাদ পড়েছেন বোর্ডের চুক্তি থেকেও। দলে ফিরে সাবেক অধিনায়ক বলেছিলেন, ‘মনে করিয়ে দিতে চাই সেরা সময়কে।’ ফেরার পর প্রথম ম্যাচেই কিছুটা করতে পেরেছেন সারওয়ান।সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠের উইকেট বরাবরই ব্যাটিং-সহায়ক। তবে কাল ব্যাটসম্যানদের কাজটা একটু কঠিন করে তুলেছিল কলম্বোর মেঘলা আকাশ। শুরু থেকেই বেশ সুইং পাচ্ছিলেন মালিঙ্গা-কুলাসেকারা। ক্রিস গেইলকে এমন এক আউট সুইংয়েই আউট করেন কুলাসেকারা। ড্যারেন ব্রাভোর রানআউটে ৪২ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।সারওয়ানকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে রানের চাকাও সচল করেন বারাথ। এর আগে ৫টি ওয়ানডেই ২০ বছরের তরুণ খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে। বিদেশের মাটিতে প্রথম ম্যাচেই তুললেন সেঞ্চুরি। ৭ চার ও ২ ছয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন ১১৯ বলে। ৪ চার ও ১ ছয়ে সারওয়ানের ৭৫ এসেছে ১০০ বলে। দুজনের ১৬৫ রানের জুটিতে আরও বড় রানের পথে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্যাটিং পাওয়ার প্লের প্রথম ওভারে ৩ বলের মধ্যে এই দুজনকে ফিরিয়ে দেন লাসিথ মালিঙ্গা। প্রথম স্পেলে উইকেট না পাওয়া পেসার পরের ওভারে আউট করেন বিপজ্জনক কাইরন পোলার্ডকেও। শেষ ১০ ওভারে মাত্র ৫৩ রান আসায় আড়াই শর নিচে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। রান যথেষ্ট ছিল কিনা, জানতে দিল না বৃষ্টি। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৪৫/৫ (গেইল ৪, বারাথ ১১৩, ড্যারেন ব্রাভো ৮, সারওয়ান ৭৫, পোলার্ড ৪, চন্দরপল ১৩*, স্যামি ২১*, মালিঙ্গা ৩/৫১, কুলাসেকারা ১/৩৫)। ফল: ম্যাচ পরিত্যক্ত।