তবু হতাশ গার্দিওলা
এমন জয়ে অন্য কোনো কোচ সন্তুষ্ট হতে পারেন, গার্দিওলা নন। কারণ তাঁর দলটার নাম বায়ার্ন মিউনিখ।
রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে যে দল বুন্দেসলিগা জেতে ওরা কেন প্রতিপক্ষের কাছে দুই গোল হজম করবে? ভেরডার ব্রেমেনের বিপক্ষে ৫-২ গোলে জেতার পরও তাই ছাত্রদের নিয়ে হতাশ বায়ার্ন মিউনিখ কোচ। সেটি যে শুধু জোড়া গোল হজমের কারণে নয় স্পষ্ট করেই জানালেন গার্দিওলা, ‘এই প্রথম আমি আমার খেলোয়াড়দের নিয়ে হতাশ। জয়-পরাজয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে পুরো মৌসুমে বায়ার্নকে যেমন দেখা গেছে এই ম্যাচে সেই ধারাটাই ছিল না।’
ভেরডার ব্রেমেনের বিপক্ষে এই ম্যাচসহ সর্বশেষ নয় ম্যাচের সাতটিতেই প্রতিপক্ষের কাছে আগে গোল খেয়েছে বায়ার্ন। আগামীকাল রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগের আগে এটাও থাকছে গার্দিওলার বড় দুশ্চিন্তা হয়ে। ওয়েবসাইট।
কোচের সেই দুশ্চিন্তা দূর করতে মাঠে স্বর্বস্ব ঢেলে দেওয়ার প্রতিজ্ঞা বায়ার্ন ফরোয়ার্ড টমাস মুলারের মুখে। এই সময়ে সমর্থকদের দলের পাশে থাকার ডাকও দিলেন, ‘আমাদের ক্লাবসংশ্লিষ্ট সবার সমর্থন দরকার, বিশেষ করে সংবাদমাধ্যমের।’