তবু হবে সুপার কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপার কাপ হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়ে গিয়েছিল গত পরশু। তবে কাল সুপার কাপ কমিটির কো-চেয়ারম্যান শওকত আলী খান জাহাঙ্গীর জোর দিয়েই বলেছেন, ‘সুপার কাপ করা হবে বলে স্পনসর গ্রামীণফোনের সঙ্গে আমাদের প্রতিশ্রুতি আছে। কাজেই টুর্নামেন্টটা যেভাবেই হোক, আমরা করতে চাই।’৮ জুলাই শুরু হওয়ার কথা দ্বিতীয় সুপার কাপ। বাংলাদেশ লিগ শেষ হওয়ার পরপরই লিগের সেরা ছয়টি দলকে নিয়ে এটি আয়োজনের ঘোষণা দিয়েই রেখেছে বাফুফে। কিন্তু বাদ সাধছে জাতীয় দলের খেলা। গত ২৯ জুন ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তাতে বিশ্বকাপ প্রাক বাছাইয়ের দ্বিতীয় পর্বে যাওয়ার সম্ভাবনা জোরাল। আগামীকাল লাহোরে খুব বাজে ফল না হলে বাংলাদেশ লেবাননের সঙ্গে খেলবে পরের রাউন্ডে। সে ক্ষেত্রে ২৩ জুলাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশ বৈরুত রওনা হবে ২০ জুলাই রাতে। এ অবস্থায় সুপার কাপ হলে জাতীয় দল প্রস্তুতি নেবে কখন?প্রশ্নটা তুলেছেন বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়, ‘জাতীয় দলকে প্রস্তুতির জন্য সময় দিতে হবে। সেটি হলে সুপার কাপ আয়োজন সম্ভব নয়।’ তবে গত পরশু সুপার কাপ কমিটির মুলতবি সভা শেষে কো-চেয়ারম্যান শওকত আলী খান জানাচ্ছেন, ‘জাতীয় দলের ব্যাপারটা ভেবে দেখার বিষয় অবশ্যই। তবে আমরা নানা কারণে টুর্নামেন্টটি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এখন এটি করতেই হবে।’শওকত একটা ফর্মুলাও দিয়েছেন, ‘সময় সংক্ষিপ্ত করব আমরা। ছয় দলকে দুই ভাগে ডাবল লিগ করার সিদ্ধান্ত বাদ দিয়ে সিঙ্গেল লিগ হবে। সেমিফাইনাল দুই লেগে। ফাইনাল ২০ জুলাই অথবা আগে-পরেও হতে পারে। পরশু (কাল) লিগ কমিটির সভায় সবকিছু চূড়ান্ত হবে।’বাইলজ অনুযায়ী নতুন করে ২৫ জন খেলোয়াড়ের নাম জমা দিতে হবে। ছয় দলের বাইরের খেলোয়াড়েরা উন্মুক্ত থাকবেন। তবে ছয় দলের হয়ে যেসব খেলোয়াড় তালিকাভুক্ত থাকবেন না, তাঁদের কয়েকজনকে দলে নিতে মোহামেডানের আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।