তবু হল্যান্ডের ড্র

উড়ে আসা বল অনায়াসে বুকে নিয়ে নিলেন। মাটিতে পড়তে দেওয়ার আগেই বাঁ পায়ে করলেন ভলি। দুর্দান্ত এক গোল করে রবিন ফন পার্সি বুঝিয়ে দিলেন, চোট ডাচ স্ট্রাইকারের ধার খুব বেশি কেড়ে নিতে পারেনি। ফন পার্সির অমন গোলের পরও অবশ্য হল্যান্ড জিততে পারেনি৷ পরশু আমস্টারডামের প্রস্তুতি ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করেছে ১-১ গোলে।
জেফারসন মনতেরোর গোলে ৯ মিনিটে এগিয়ে যায় ইকুয়েডর। এরপর ফন পার্সির ৩৭ মিনিটের ওই গোল। ডাচদের সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছিল না, আগের তিনটি আন্তর্জাতিক ম্যাচেও জয় না পাওয়া সে কথাই জানাচ্ছে। পরশুর জয়হীন ম্যাচের পর লুইস ফন গাল হয়তো কিছুটা উদ্বিগ্ন হতে পারতেন। তবে ডাচ দলটা ছিল অনেকটাই অনভিজ্ঞ। রোবেন, স্নাইডার, ডি ইয়ং, ফন ডার ভার্টরা না থাকায় ঘরোয়া লিগের তরুণদের নিয়েই দল সাজিয়েছিলেন ফন গাল। যে কারণে ড্র নিয়ে অতটা চিন্তিত নন তিনি৷
চোটের কারণে এই মৌসুমে বলতে গেলে খেলতেই পারেননি ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার। তবে অমন গোলের পরও অবশ্য ফন পার্সির দাবি, ‘আমি এখনো ছন্দ ফিরে পাইনি। তবে পুরোপুরি সেরে উঠেছি।’ বিশ্বকাপে স্পেন, চিলি ও অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ ‘বি’তে আছে হল্যান্ড। সেরা ফর্মের পার্সিকে তাই বিশ্বকাপে খুব করেই চাইছেন কোচ ফন গাল৷ এএফপি।