তবু হাতঘড়িতে টাইমিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেমসের বাজেট প্রায় ২২ কোটি টাকা। লাফিয়ে লাফিয়ে বাজেট বেড়েছে। ২০ এপ্রিল শুরুর আগে আরও বাড়লে অবাক হওয়ার কথা থাকবে না। টাকার কোনো সংকট নেই। সাড়ে ১০ কোটি টাকা হাতেও এসে গেছে।কিন্তু এত বড় বাংলাদেশ গেমসে কিনা স্বয়ংক্রিয় টাইমিং নেই সাঁতারে! সাধারণত অ্যাথলেটিকস, সাঁতারেই ইলেকট্রনিক বোর্ড প্রয়োজন। অ্যাথলেটিকসে ইলেকট্রনিক টাইমিং থাকবে বলে দাবি করছে অ্যাথলেটিকস ফেডারেশন। তবে সাঁতারে হবে সেই পুরোনো হাতঘড়ির ব্যবহার!বিওএর কর্তারা এর দায় নিতে রাজি নন। তাঁরা বলছেন, সাঁতারের ইলেকট্রনিক বোর্ড দেখভালের দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)। এনএসসিকে সাঁতারের ইলেকট্রনিক বোর্ড সচল করার জন্য বলা হলেও তারা সেটা করেনি। তাই বিওএর নাকি কিছু করার নেই। বিওএর উপমহাসচিব আশিকুর রহমান বলেছেন, ‘আমরা সাঁতারের ইলেকট্রনিক বোর্ড ঠিক করতে এনএসসিতে চিঠি দিয়েছি। কিন্তু সাড়া পাওয়া যায়নি।’এই কথা বলে বিওএ পার পেতে পারে কি না, প্রশ্ন আছে। বিওএ নিজস্ব উদ্যোগে কেন ওটা সচল করল না। টাকা তো কম খরচ করা হচ্ছে না গেমসে। উদ্বোধনী-সমাপনী মিলিয়ে যেখানে আট কোটি টাকা খরচ হচ্ছে, সেখানে অতিজরুরি সাঁতারের বোর্ড অল্প কিছু টাকা দিয়ে সারিয়ে তোলা হচ্ছে না। সাঁতার ফেডারেশনের সদস্য গোলাম মোস্তফা বলেছেন, ‘আমরা কিছুদিন আগে ২০-২৫ হাজার টাকা দিয়ে ফেডারেশনের উদ্যোগে এটা সারিয়ে তুলেছিলাম। এরপর রক্ষণাবেক্ষণের অভাবে আবার সমস্যা দেখা দিয়েছে।’সাঁতারের পানি তোলার পাম্প ও জেনারেটরও বিকল। এসব নিয়ে কারও মাথাব্যথা নেই। বাস্কেটবলে উডেনফ্লোরের কাঠ নষ্ট, ভলিবলের রেলিং ভাঙা, কাবাডির ফ্লাডলাইট বিকল, আর্চারির নিজস্ব মাঠই নেই। তাদের খেলতে হবে হকি টার্ফে। কিন্তু সেখানেও নানা বাধা। মিরপুর সোহরাওয়ার্দী ইনডোরের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র কাজ করছে না।এত তাড়াতাড়ি সব সংস্কার করা যাবে কি না, প্রশ্ন থাকছেই। কাল সংবাদ সম্মেলনে আশিকুর রহমান বললেন, ‘ভেন্যু নিয়ে কিছু সমস্যা আছে। আমরা বিওএর তহবিল থেকে পাঁচ-সাত লাখ টাকা সংস্কার বাজেট রেখেছি। এনএসসি জানিয়েছে, এই মুহূর্তে তাদের এ বাবদ কোনো অর্থ বরাদ্দ নেই। তবে আমরা আশা করি, এই টাকাতেই সংস্কার হয়ে যাবে।’খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ মেলেনি চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশ গেমস নিয়ে মাঠে নামাটা বিওএর জন্য বড় এক ঝুঁকিই। তবে এখন আর সরে আসার সুযোগ দেখছেন না কর্মকর্তারা। তাই বিরোধী দলের সহযোগিতা চাওয়া হচ্ছে। গেমস চলাকালে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি না দেওয়ার অনুরোধ করতে কাল রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা ছিল বিওএর কর্মকর্তাদের। কিন্তু ১৮ দলের জরুরি বৈঠক থাকায় দেখা না করেই ফিরে আসতে হয়েছে বিওএ কর্মকর্তাদের। এর আগে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার চেয়ারম্যান ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।