তবু হারের আতঙ্কে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোলারদের সাফল্য ডুবতে বসেছে ব্যাটিং-ব্যর্থতায়। বৃষ্টির পেটে গেছে পুরো এক দিন, তার পরও মোহালি টেস্টের শেষ দিন অস্ট্রেলিয়া শুরু করবে হারের আতঙ্ক নিয়ে।আগের দিন শিখর ধাওয়ানের ব্যাটে কচুকাটা অস্ট্রেলিয়ান বোলাররা কাল জ্বলে উঠলেন দারুণভাবে। বিনা উইকেটে ২৮৩ থেকে ৪৯৯ রানে অলআউট ভারত। কাল ২১৬ রানে ১০ উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়া। দিনটা তার পরও অস্ট্রেলিয়ার নয়। ভুবনেশ্বরের সুইং বোলিং যে এলোমেলো করে দিয়েছে অস্ট্রেলিয়ার টপ-অর্ডার! প্রথম ইনিংসে ভারত এগিয়ে ছিল ৯১ রানে। সেটা ছুঁতে এখনো দরকার ১৬ রান, উইকেট হারাতে হয়েছে ৩টি। মড়ার ওপর খাঁড়ার ঘা যেন মাইকেল ক্লার্কের চোট। পিঠের পুরোনো চোটের কারণে কাল দীর্ঘক্ষণ মাঠে ছিলেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক, নামতে পারেননি ব্যাটিংয়েও। ঘোর বিপদে অস্ট্রেলিয়ার সুখবর একটাই, রানে ফিরেছেন ফিল হিউজ। ‘হোমওয়ার্কগেট’ বিতর্কে উসমান খাজা বাদ না পড়লে এই টেস্টে হয়তো খেলাই হতো না। আগের দুই টেস্টে স্পিনে ছিলেন দিশেহারা, এই টেস্টের প্রথম ইনিংসেও। আগের পাঁচ ইনিংসে স্পিনে ৮২ বল খেলে করতে পেরেছিলেন মাত্র ৮ রান, পাঁচবারই আউট হয়েছেন স্পিনে! দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর বেছে নিয়েছেন আক্রমণের পথ। সিরিজের প্রথম ফিফটির দেখা মিলেছে তাতে, টিকে আছেন দলের ভরসা হয়ে।দিনের শুরু ধাওয়ানের ডাবল সেঞ্চুরি সম্ভাবনার অপমৃত্যু দিয়ে। সকাল থেকেই অস্ট্রেলিয়ানদের শরীরী ভাষা আর ক্লার্কের অধিনায়কত্ব ছিল দারুণ ইতিবাচক। বোলিং ও ফিল্ডিং সাজানোয় ছিল পরিকল্পনার ছাপ। লায়নের বলে ধাওয়ানের জন্য হুট করেই আনা হলো সিলি পয়েন্ট, কাজ হলো এতেই। এক বল পরেই সিলি পয়েন্টে ক্যাচ ধাওয়ান! আগের দিনের ১৮৫ রানের সঙ্গে যোগ করতে পেরেছেন আর মাত্র ২। সিডলের রিভার্স সুইংয়ে চেতেশ্বর পূজারা শুরুতেই এলবিডব্লু আলিম দারের ভুল সিদ্ধান্তে।বিজয়কে অবশ্য দমিয়ে রাখা যায়নি। টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন ২০৬ বলে, পরে টানা দ্বিতীয়বার পেরিয়েছেন দেড় শ। পারলে ক্যারিয়ারজুড়ে শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষেই খেলবেন চেন্নাইয়ের ওপেনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টে ৩টি সেঞ্চুরি করে ফেললেন, বাকি সব দলের বিপক্ষে ১০ টেস্টে করতে পেরেছেন মাত্র ২টি ফিফটি!লাঞ্চের ঠিক আগে স্টিভেন স্মিথের বলে টেন্ডুলকারের আউটে ভেঙেছে ৯২ রানের তৃতীয় উইকেট জুটি। দ্বিতীয় নতুন বলের প্রথম ওভারেই স্টার্ক ফেরালেন বিজয় ও ধোনিকে, সিডল জাদেজা ও অশ্বিনকে। অষ্টম উইকেটে ভুবনেশ্বরকে নিয়ে বিরাট কোহলির প্রতিরোধ। শেষ পর্যন্ত সিডলের ৫ উইকেট পাঁচ শর নিচে আটকাল ভারতকে।তবে ৯১ রানে লিডটাই বড় ভূমিকা রাখতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারণে! ওয়েবসাইট।