তবু হাল ছাড়ছেন না ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন ম্যাকেনরো বিশ্বাসই করতে পারছিলেন না কী দেখেছেন সারা দিন। পরশু উইম্বলডনের তৃতীয় দিনটা এসেছিল যেন টেনিস-বিশ্বকে বিস্ময়ে হতবাক করে দিতেই! দিনের শুরুতে চোটে কাটা পড়তে থাকলেন একের পর এক খেলোয়াড়। উইম্বলডনের পিচ্ছিল কোর্টে পিছলে পড়ে ব্যথায় কাতরালেন অনেকে। একে একে বিদায় নিলেন অনেক সাবেক এক নম্বর। দিনটার নামই হয়ে ‘কালো বুধবার’। নামটা দেওয়ার সময়ও কেউ কি ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিলেন দিন শেষে এই নামটাকেও জোলো ঠেকবে, নতুন করে নাম দিতে হবে ‘বিস্ময়কর বুধবার’!বাছাইপর্ব পেরিয়ে আসা পর্তুগিজ মেয়ে মিশেল লারশার দি ব্রিতোর কাছে মারিয়া শারাপোভার হারটাই এসেছিল বিস্ময় হয়ে। ঘণ্টা তিনেক পর সেটা হারিয়ে গেল আরও বড় বিস্ময়ের তোড়ে। দ্বিতীয় রাউন্ডেই যে হেরে গেলেন উইম্বলডনের রাজা রজার ফেদেরার। রেকর্ড অষ্টম উইম্বলডন জয়ের অভিযানে নামা সুইস মহাতারকাকে থামিয়ে দিলেন সার্গিই স্তাখোভস্কি নামের অখ্যাত এক ইউক্রেনিয়ান। রুশ সাহিত্যের মুগ্ধপাঠক বিশ্বের ১১৬ নম্বর খেলোয়াড় স্তাখোভস্কি ঘটালেন গত এক দশকের মধ্যে অল-ইংল্যান্ড ক্লাবের সবচেয়ে বড় অঘটন। ফেদেরারের বিদায়কে তুলনা করা হচ্ছে ২০০২ সালে দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের জর্জ বাস্তলের কাছে পিট সাম্প্রাসের হারের সঙ্গে। টানা ৩৬টি গ্র্যান্ড স্লামে কমপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলা ফেদেরারকে আগেভাগেই বিদায় করে দেওয়া, কী করেছেন, ঘর্মাক্ত স্তাখোভস্কি নিজেই বুঝতে পারছিলেন না। টেনিস-বিশ্বের সবচেয়ে বিখ্যাত মঞ্চে বিশ্ব কাঁপিয়ে দেওয়া জয়ের পর যেন ঘোরের মধ্যে ছিলেন এই ২৭ বছর বয়সী, ‘এটা সত্যি সত্যিই হয়েছে, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। উইম্বলডনে রজার ফেদেরারের বিপক্ষে খেলাটা একই সময়ে দুজনের বিপক্ষে খেলার মতো। রজার ফেদেরার তো বটেই খেলতে হয় তাঁর কীর্তির বিপক্ষেও।’স্তাখোভস্কির মনে হচ্ছে সারা জীবনে গল্প করে বেড়ানোর মতো এক জয় পেয়ে গেছেন, ‘আমি এখন আমার নাতিপুতিদের বলতে পারব রজার ফেদেরারকে হারিয়েছিলাম।’গত বছরের উইম্বলডন জয়ের পর খেলা চারটি গ্র্যান্ড স্লামের কোনোটিরই ফাইনাল খেলা হয়নি। ফেদেরার যুগের অবসান দেখছেন অনেকেই। ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী কিন্তু ভাবছেন অন্য রকম, ‘আমার পরিকল্পনা, আরও অনেক অনেক বছর খেলব। টানা ৩৬টি কোয়ার্টার ফাইনাল খেলার পর হঠাৎ এই আগেভাগে বিদায়, লোকজনের অন্য রকম ভাববেই। তবে আমি চালিয়ে যাব।’ এএফপি, রয়টার্স।