তবু 'গর্বিত' ময়েস

ছাঁটাই হওয়ার পর ডেভিড ময়েস কী বলেন, সেটা নিয়ে ছিল অনেক জল্পনা-কল্পনা। অবশেষে কাল মুখ খুললেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়ী কোচ। প্রিমিয়ার লিগ কোচদের সংগঠন লিগ ম্যানেজারস অ্যাসোসিয়েশনের (এলএমএ) মাধ্যমে দেওয়া বিবৃতিতে ময়েস দলের ব্যর্থতার সব দায়ভারই স্বীকার করে নিয়েছেন।
ফুটবল কোচের জীবন বড় নিষ্ঠুর। ‘চাকরির নিরাপত্তা’ তাদের কাছে সোনার পাথরবাটির মতোই। ময়েসকেই দেখুন। তিন দিন আগেও ইউনাইটেডকে নিয়ে নিজের দীর্ঘ মেয়াদের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তখন হয়তো আঁচও করতে পারেননি এত দ্রুত ক্লাব ছেড়ে যেতে হবে। ব্রিটিশ গণমাধ্যম সংবাদটা আগেই ফাঁস করে দেওয়ায় ব্যাপারটা হয়েছে আরও বিব্রতকর। তবে সে জন্য কোনো অনুযোগ নেই ময়েসের। বরং ব্যর্থতার দায় নিয়েছেন অকপটে, ‘এই ক্রান্তিকালে ম্যানচেস্টার ইউনাইটেড ও এর সমর্থকেরা যে পারফরম্যান্স ও ফলাফল আশা করেছিল, সেটা হয়নি। আমি তাদের হতাশা উপলব্ধি করতে পারছি। আমি সব সময় বিশ্বাস করি, একজন ম্যানেজারকে পুরো ক্যারিয়ারেই শিখে যেতে হয়। আমি ইউনাইটেডের ম্যানেজার হওয়ার অভিজ্ঞতা থেকে অমূল্য শিক্ষা নিয়ে যাচ্ছি।’
৫০ বছর বয়সী স্কটিশ কোচ ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে এসেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসনের সুপারিশে। পূর্বসূরিকে তাই ধন্যবাদ জানালেন ময়েস, ‘আমি স্যার অ্যালেক্স ফার্গুসনের কাছে কৃতজ্ঞ। তিনি আমার ওপর আস্থা রেখেছিলেন। ক্লাবকে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে নিয়ে যাওয়ার জন্য আমি গর্ববোধ করি।’
বিদায়ের পর ময়েস অবশ্য অনেককেই পাশে পাচ্ছেন। গ্যারি নেভিল, মাইকেল ওয়েনদের মতো সাবেক ইউনাইটেড খেলোয়াড়েরা বলছেন, আরেকটু সময় ময়েসের প্রাপ্য ছিল। আর এলএমএ তো ইউনাইটেডের বিরুদ্ধে ‘অপেশাদার আচরণের’ অভিযোগই করেছে। তাদের দাবি, ময়েসকে যেভাবে বরখাস্ত করা হয়েছে, সেটি অপমানজনক। ইউনাইটেড কর্তৃপক্ষ অবশ্য অভিযোগটা উড়িয়ে দিয়ে বলেছে, ‘ময়েসের সঙ্গে অপেশাদার কিছু করা হয়নি। যখন সোমবার বিকেলে ইন্টারনেটে খবরটা আসতে শুরু করল, কোনো সিদ্ধান্ত তখনো নেওয়া হয়নি।’
কিন্তু ওল্ড ট্রাফোর্ডের শূন্য সিংহাসনে কে বসবেন? ইয়ুর্গেন ক্লপ, লুইস ফন গালদের নাম আগেই শোনা গিয়েছিল। কাল নতুন শোনা গেল কার্লো আনচেলত্তির নাম। ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, রিয়াল মাদ্রিদ কোচকে নিয়ে আসার কথা ভাবছে ইউনাইটেড কর্তৃপক্ষ। যিনিই আসুন, সম্ভবত পরের মৌসুম থেকেই দায়িত্ব নেবেন। আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রায়ান গিগস তো আছেনই। মৌসুমের বাকি ম্যাচগুলোতে ডাগআউটে থাকবেন এখনো খেলে যাওয়া এই মিডফিল্ডার। এএফপি।
স্মরণকালে ইউনাইটেড এমন দুঃসময়ের মধ্য দিয়ে গেছে কি না, সন্দেহ। এই ক্রান্তিকালে গিগসের পাশে দাঁড়িয়েছেন ‘ক্লাস অব ৯২’-এর সতীর্থরা। নিকি বাট ও ফিলিপ নেভিলের কোচিং স্টাফে যোগ দেওয়ার খবরটা আগেই জানা গিয়েছিল। কাল জানা গেছে, সাবেক মিডফিল্ডার পল স্কোলসও যোগ দিয়েছেন তাঁদের সঙ্গে।