তবুও অতৃপ্তি তামিমদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোক না প্রস্তুতি ম্যাচে, তবু তো জয়ে ফেরা। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ ও ফরহাদ রেজা । প্রথম আলো
হোক না প্রস্তুতি ম্যাচে, তবু তো জয়ে ফেরা। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ ও ফরহাদ রেজা । প্রথম আলো

টানা হারের ফিরিস্তি দিতে দিতে বোধ হয় ক্লান্ত হয়ে পড়েছেন মুশফিকুর রহিম। কাল ফতুল্লা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েও তাই আর সংবাদ সম্মেলনে এলেন না বাংলাদেশ অধিনায়ক। পাঠালেন তামিম ইকবালকে। তামিম এসে যা বললেন তার সারমর্ম—ম্যাচটা ৪ উইকেটে জিতেও পুরোপুরি সন্তুষ্ট নয় বাংলাদেশ দল। এই ম্যাচও রেখে গেছে উন্নতির কিছু সুযোগ।
‘ম্যাচটা আমাদের জন্য আরও ভালো হতে পারত। শুরুর দিকে আমাদের বোলিং ভালো হয়নি, বিশেষ করে প্রথম ৬ ওভারে। তবে শেষ দিকে সেটা পুষিয়ে নেওয়া গেছে। একটা পর্যায়ে তাদের রান ১৬০-১৭০ হবে বলে মনে হলেও শেষ পর্যন্ত তা হয়নি’—সংবাদ সম্মেলনে বলেছেন ঘাড়ের চোট কাটিয়ে কালই মাঠে ফেরা বাংলাদেশ ওপেনার।
সংযুক্ত আরব আমিরাতের ১৪২ রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ যে ব্যাটিংটা করল, তামিমের দৃষ্টিতে সেটি নির্ভুল ছিল না। শুরুতেই অত আক্রমণাত্মক না হয়ে আরেকটু সময় নেওয়া উচিত ছিল বলে মনে হয়েছে তাঁর, ‘টি-টোয়েন্টিতে সময় একটু কম পাওয়া যায়। তাই বলে এত কম নয় যে শুরু থেকেই আক্রমণ করতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করে আমরা পরের ম্যাচে এই ভুলগুলো শোধরানোর চেষ্টা করব।’ ব্যাটসম্যানদের জন্য তামিমের পরামর্শ, শুধু চার-ছক্কা হাঁকানোর চেষ্টা না করে এক-দুই রান করে নিয়ে স্কোরবোর্ডটাকে সচল রাখতে হবে। রানটা তাহলেই আর চাপ হয়ে বসবে না মাথায়।
শ্রীলঙ্কা সিরিজে দুটি টি-টোয়েন্টির পর তিন ওয়ানডের সিরিজে হোয়াইটওয়াশ। এরপর এশিয়া কাপে টানা চার ম্যাচেই হার। পর পর ৯ ম্যাচে হারের পর অবশেষে স্বস্তির জয়টা এসেছে কাল। হোক আরব আমিরাত, তামিম জানালেন, এই ম্যাচটাকেও তাঁরা সহজভাবে নেননি, ‘আমরা টানা সাতটা ম্যাচ (ওয়ানডে) হেরেছি। কাজেই কোনো দলকেই সহজভাবে নেওয়ার সুযোগ নেই আমাদের। পরের প্রস্তুতি ম্যাচটাকেও আমরা একই রকম সিরিয়াসলি নেব। ভুলগুলো শুধরে আমরা চাই আবার আগের অবস্থানে ফিরে যেতে।’ আগামীকাল একই মাঠে সেই ম্যাচটা বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।
বাংলাদেশের সঙ্গে লড়াই করতে পেরে খুশি আমিরাত অধিনায়ক খুররম খান। তবে সংবাদ সম্মেলনে আনন্দের চেয়ে তাঁর হতাশাটাই ধরা পড়ল বেশি। হতাশাটা গোপনও করেননি তিনি, ‘খুব কাছে এসেও হেরে গেছি আমরা। ম্যাচটা জিততে পারতাম। তার পরও এ ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আশা করি, পরের ম্যাচে সেগুলো কাজে লাগবে।’ পরাজয়ের কারণ হিসেবে তিনি দায়ী করেছেন শেষ ৫ ওভারের ব্যাটিংকে, ‘শুরুতে ভালো জুটি হয়েছে আমাদের। কিন্তু শেষ ৫ ওভারে আমরা ভালো ক্রিকেট খেলিনি। আরও ১৫-২০ রান হলে ম্যাচটা অন্য রকম হতে পারত।’