তবুও অনিশ্চিত চেলসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে চেলসি। অথচ আগামী মৌসুমে এই চেলসিই হয়ে যেতে পারে চ্যাম্পিয়নস লিগের দর্শক! পয়েন্ট তালিকার ৪ নম্বরে থেকে লিগ শেষ করার যে স্বপ্ন দেখেছিল চেলসি, পরশু লিভারপুল সেটি গুঁড়িয়ে দিয়েছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে চেলসির এখন একটাই পথ, ১৯ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারানো।হেরে গেলে রানারআপ খেতাব নিয়েও রবার্তো ডি মাত্তেওয়ের দলকে থাকতে হবে অভিজাত ইউরোপিয়ান ক্লাবগুলোর টুর্নামেন্টের বাইরে। ইংলিশ লিগের শীর্ষ চারটি দল অংশ নেওয়ার সুযোগ পায় পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে। শীর্ষ তিনটি দল খেলে সরাসরি। চতুর্থ দলটিকে নামতে হয় বাছাইপর্বে। তবে বায়ার্নকে হারিয়ে চেলসি যদি চ্যাম্পিয়নস লিগ জিতে যায়, তাহলে চতুর্থ স্থানের দলটির পুড়বে কপাল। লিগ-স্বপ্ন অনেক আগেই বিসর্জন দেওয়া চেলসির লক্ষ্য ছিল অন্তত চারে থেকে লিগ শেষ করে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে যাওয়া। লিভারপুলকে হারাতে পারলে স্বপ্নটা থাকত। কিন্তু তিন দিন আগে এফএ কাপের ফাইনালে হারের জ্বালা জুড়িয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে তারা চেলসিকে গুঁড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। এই হারে ৩৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে চেলসি। লিগে বাকি আর একটি ম্যাচ। কিন্তু চতুর্থ স্থানে থাকা টটেনহাম তাদের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে, পাঁচে থাকা নিউক্যাসল ৪ পয়েন্টে।চ্যাম্পিয়নস লিগ ফাইনালের কথা ভেবে চেলসির কোচ ডি মাত্তেও এদিন গোলরক্ষক পিওতর চেক, দিদিয়ের দ্রগবাসহ এফএ কাপের ফাইনাল খেলা আটজনকে বদলে দল নামান। ১৯ থেকে ২৮—নয় মিনিটের ব্যবধানেই তিন গোল করে চেলসিকে ম্যাচ থেকে ছিটকে দেয় লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরুতে রামিরেস একটা গোল শোধ দিলেও ৬০ মিনিটে চেলসির ম্যাচে ফেরার আশা দুরাশায় পরিণত করেন জোনজো সেলভি (৪-১)। রয়টার্স, এএফপি।