তবুও আত্মবিশ্বাসী রোনালদো
ব্রাজিল, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা—দল হিসেবে এই মহা-ফেবারিটদের থেকে অনেকটাই পিছিয়ে পর্তুগাল। কিন্তু তার পরও কেউ কেউ সম্ভাব্য শিরোপাজয়ীর তালিকায় পর্তুগালের নামটাও রাখতে চাইছে। রোনালদোর মতো খেলোয়াড় যে এই দলে আছেন। ফুটবল মাঠে ২৫ বছর বয়সী রোনালদো কী পারেন, দুনিয়া জানে। সেই রোনালদোই যখন এঁকে ফেলছেন দলীয় প্রত্যাশার ছবি, একটু নড়েচড়ে বসতেই হচ্ছে। ইনজুরির কারণে ম্যানইউ তারকা নানির ছিটকে পড়ায় একটা ধাক্কাই খেয়েছে পর্তুগাল। তবে রোনালদোর কথাবার্তায় মনে হচ্ছে, সেটি খুব বড় কিছু নয়, ‘পর্তুগাল এ মুহূর্তে দারুণ অবস্থানে আছে। এটা সত্যি, দলে অনেক পরিবর্তন এসেছে। অনেক দিন আমরা একসঙ্গে অনুশীলন করেছি। বিশ্বকাপে ভালো খেলতে এটাই সাহায্য করবে আমাদের। আমি মনে করি, প্রথম ম্যাচটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ।’যোগ করেছেন আরও, ‘পর্তুগাল ভালো করবে। এটা সত্য, আমরা একটি কঠিন গ্রুপে খেলব। আমার ধারণা, এটাই আমাদের আরও উন্নতি করতে তাড়না দেবে।’তাঁর বিশ্বাস, পর্তুগাল কিংবা তাদের গ্রুপসঙ্গী ব্রাজিল জিতবে শিরোপা। স্পেন, ইংল্যান্ড, ইতালি, জার্মানি, ব্রাজিল ও পর্তুগাল—বিশ্বকাপে এই হচ্ছে রিয়াল তারকার মতে সব সময়ের শক্তিশালী প্রার্থী।