তবুও আবাহনী-মোহামেডান ম্যাচ
সেই ১৯৭৩ সাল থেকে শুরু হয়ে এ পর্যন্ত এমন ঘটনা বিরল। বাংলাদেশের ফুটবলে একটা ব্যতিক্রমী আবাহনী-মোহামেডান ম্যাচই হতে যাচ্ছে আজ। চ্যাম্পিয়ন-রানার্সআপ কোনো দৌড়েই নেই বাংলাদেশের ঐতিহ্যবাহী দল দুটি, যাদের নামে একসময় দুই ভাগ হয়ে যেত গোটা দেশ।শুধু প্রিমিয়ার ডিভিশনে ২০০৩-০৪ মৌসুমে একবার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাদার্স, রানার্সআপ শেখ রাসেল। এ ঘটনাটা বাদ দিলে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সবখানেই ছিল এই দুই দলের উপস্থিতি। অথচ এবার দৃশ্যপটেই নেই আবাহনী-মোহামেডান।এবার চতুর্থ বাংলাদেশ লিগে দুর্বল দল নিয়ে মাঠে নামে মোহামেডান, এতে আগেই তারা ছিটকে যায় শিরোপা দৌড় থেকে। এখন তারা ষষ্ঠ স্থানে। গত তিনবারের চ্যাম্পিয়ন আবাহনীর শিরোপার আশা দূরে থাক, রানার্সআপ হওয়ার আশাও শেষ। তবে তৃতীয় হওয়ার একটা সম্ভাবনা আছে। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আবাহনী, ২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে মোহামেডান।কাল আবাহনী ক্লাবে গিয়ে অবশ্য দেখা গেল অনুশীলনে দারুণ সিরিয়াস খেলোয়াড়েরা। ‘এটা তো মর্যাদার লড়াই। অবশ্যই অন্য রকম ম্যাচ এটা’—বলছিলেন মিডফিল্ডার ইমতিয়াজ সুলতান (জিতু)। নজরুল, সামাদ ইউসুফদের মধ্যেও কিছু একটা করার তাড়না দেখা গেল। ছয় বছর মোহামেডানের জার্সি গায়ে দেওয়া আলফাজ এবারই প্রথম খেলছেন আবাহনীতে। চূড়ান্ত একাদশে জায়গা পাবেন কি না, নিশ্চিত নন। তবে এমন একটা ম্যাচে খেলার জন্য উদ্গ্রীব। আবাহনী-মোহামেডান তাঁর কাছে এক উজ্জ্বল অতীত, ‘পুরোনো দিনগুলোর কথা খুব মনে পড়ে। ২০০০ সালে একবার ডেঙ্গু জ্বর থেকে উঠেও আবাহনীর বিপক্ষে খেলেছিলাম। ওই ম্যাচে গ্যালারি ভরা দর্শক ছিল। কিন্তু আফসোস এখন মাঠে দর্শক আসে না।’ কার্ড সমস্যা কাটিয়ে আজ মাঠে নামতে পারেন ফ্রাঙ্ক, রবিন। ইনজুরি থেকে ফিরেছেন প্রাণতোষ ও সামাদ ইউসুফ। মোহামেডানের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়তে চান দুর্দিনের ভরসা কোচ অমলেশ সেন, ‘এটা সত্যি প্রথম পর্বের চেয়ে মোহামেডান দ্বিতীয় পর্বে অনেক ভালো খেলেছে। তার পরও আমরা জয়ের আশা নিয়েই মাঠে নামব।’মোহামেডান কোচ শফিকুল ইসলামের কাছে ম্যাচটির গুরুত্ব অন্য জায়গায়, ‘ওরা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী। আমাদের সামনে পঞ্চম হওয়ার সুযোগ, আবাহনীর তৃতীয় হওয়ার সম্ভাবনা। এই ম্যাচ অবশ্যই জমবে।’ অধিনায়ক মোহাম্মদ শরীফের কথা, ‘আবাহনীর বিপক্ষে জয় আমাদের কাছে চ্যাম্পিয়ন হওয়ার সমান।’