তবুও আশায় রিয়াল
রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে ২-০ গোলে জয়। গত ২৭ এপ্রিল চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল প্রথম লেগের পর বার্সেলোনাকে প্রায় গোটা বিশ্ব ২৮ মে ওয়েম্বলির ফাইনালে দেখছে। বার্সেলোনার সম্ভাবনাটা আরও নিরঙ্কুশ দেখাচ্ছে রিয়ালের শক্তি খর্ব হয়ে পড়ায়। লাল কার্ড দেখে ডিফেন্সিভ মিডফিল্ডার পেপে নেই, দুই হলুদ কার্ডের জালে আটকে সার্জিও রামোসও নেই। এমনকি হোসে মরিনহোই ডাগ-আউটে থাকতে পারবেন না। প্রথম লেগে লাল কার্ড দেখায় রিয়াল কোচকে বসতে হবে গ্যালারিতে। তাহলে আজ দ্বিতীয় সেমিফাইনালে বার্সেলোনার মাঠ থেকে রিয়াল জয় নিয়ে ফেরে কীভাবে?রিয়ালের সমীকরণ শুধু একটা জয়েও সীমাবদ্ধ নয়। ২-০ গোলে জিতলে ম্যাচটা অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু ফাইনালের টিকিট পেতে আসলে জিততে হবে তিন গোলের ব্যবধানে। খুবই কঠিন। প্রথম লেগের পর মরিনহো লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েও কাজটা ‘প্রায় অসম্ভব’ বলে স্বীকার করেছিলেন।কিন্তু যাবতীয় নৈরাশ্যের মধ্যেও তো আশার আলো খুঁজে নিতে হয়। রিয়ালেরই কেউ কেউ রয়েছেন আশায়। যেমন অধিনায়ক ইকার ক্যাসিয়াস, ‘ফাইনালের দুটি দলের নাম কিন্তু এখনো লেখা হয়নি। কী ঘটতে পারে আপনি তা জানেন না। এটা জেনেই আমরা বার্সেলোনায় খেলতে যাব যে, এক মাসের মধ্যেই ফাইনাল এবং চার দলের যেকোনো দলই ফাইনালে যেতে পারে।’এই ম্যাচের আগে রিয়াল-বার্সেলোনা দুই দলই পেয়েছে পরাজয়ের তিক্ত স্বাদ। শনিবার স্প্যানিশ লিগে রিয়াল জারাগোজার কাছে ৩-২ গোলে হেরেছে রিয়াল। এর পরই বার্সেলোনা ২-১ গোলে হেরেছে রিয়াল সোসিয়েদাদের কাছে। এতে দুই দলের পয়েন্টের ব্যবধান ৮ থাকলেও মাত্র চার রাউন্ড বাকি থাকায় বার্সেলোনার লিগ শিরোপা জয় প্রায় নিশ্চিতই। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান প্লে-মেকার কাকা ওই প্রসঙ্গ ধরেই চলে গেছেন চ্যাম্পিয়নস লিগে, যেখানে তিনি অসম্ভব আশার পেছনে ছুটছেন চরম আশাবাদী মানুষের মতো, ‘লিগটা প্রায় শেষই হয়ে গেছে আমাদের জন্য। এখন মনোযোগী হতে হবে চ্যাম্পিয়নস লিগে। আমরা যে দল তাতে ফাইনালে যেতেই পারি।’ আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনের কণ্ঠেও স্পর্ধিত বিশ্বাস, ‘ম্যাচটা জেতার জন্য যথেষ্টই যোগ্য আমরা, সুতরাং আমাদের সেরা চেষ্টাটাই করতে হবে। বার্সা আমাদের মাদ্রিদে হারিয়েছে মানে আমরাও তাদের বার্সেলোনায় হারাতে পারি।’রিয়াল মাদ্রিদের মহাব্যবস্থাপক হোর্হে ভালদানো জপছেন দলের অতীত বীরত্বগাথার জপমালা, ‘মাদ্রিদিয়ানরা সব সময়ই ঘুরে দাঁড়াতে বিশ্বাস করে। যদি কোনো একটা দলেরও বীরের মতো ঘুরে দাঁড়ানোর অভ্যাস থাকে, সেটি হবে রিয়াল মাদ্রিদ। কোনো কিছুই মঙ্গলবারের ম্যাচ নিয়ে আশা ও রোমাঞ্চ অনুভব করা থেকে আমাদের বিরত রাখতে পারবে না।’ রিয়াল ক্লাবের ওয়েবসাইটে শোভা পাচ্ছে ২০০২ সালের সেমিফাইনালে ন্যু ক্যাম্পে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে জয়োল্লাসের সেই ছবি। রিয়াল ইউরোপে নবম ও সর্বশেষ শিরোপা জয়ের মধুর স্বাদ পেয়েছে সেবারই।রিয়াল ঘুরে দাঁড়াতে চায়, অসম্ভব আশার পিঠে সওয়ার হয়ে ফাইনালে উঠতে চায়। কিন্তু অনুকূল আবহের মধ্যে বার্সেলোনা সেটি হতে দেবে, এটাই বা আপনি ভাবেন কী করে? লিগে সোসিয়েদাদের কাছে পরাজয় বরং আরও সতর্ক করেছে কোচ পেপ গার্দিওলাকে, ‘এই ম্যাচ থেকে বড় শিক্ষা হলো, আমরা এমন একটা দল যারা জিততেও পারে, হারতেও পারে। মাদ্রিদ দুর্দান্ত এক দল, তাদের হারানোর কিছু নেই। নিশ্চিতভাবেই এই ম্যাচে কঠিন কিছু মুহূর্ত আসতে যাচ্ছে আমাদের জন্য। সমর্থকদের সমর্থনটা আমাদের খুব দরকার হবে।’সমর্থক! কর্মকর্তা থেকে শুরু করে বার্সেলোনার খেলোয়াড়দের কাছে এই শব্দটি এখন খুব উচ্চারিত। গত ২৭ এপ্রিল প্রথম সেমিফাইনালটা ধ্রুপদি ফুটবলের পরিবর্তে উপহার দিয়েছে ধ্রুপদি হতাশা। মাঠে হয়েছে গা-জোয়ারি ফুটবল, নাটুকেপনায় রেফারিকে প্রভাবিত করে সুবিধা নেওয়ার প্রতিযোগিতা। ম্যাচের আগে ও পরে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার কথার লড়াই, যা গড়িয়েছে উয়েফার দরবারে। সেমিফাইনালের দ্বিতীয় লেগটা তাই এক অগ্নিগর্ভ ম্যাচের ইঙ্গিত দিচ্ছে। বার্সেলোনা প্রেসিডেন্ট সান্দ্রো রোসেলকে তাই আগেই সমর্থকদের কাছে বার্তা পাঠাতে হয়েছে, ‘আমাদের সমর্থকেরা ভালো আচরণের আদর্শ উদাহরণ। আমি মঙ্গলবারের এই ম্যাচের আগে তাদের বলব দলকে, ‘‘সমর্থন করুন, আগের সবকিছু ভুলে যান এবং প্ররোচিত হবেন না”।’সারা বিশ্বও অপেক্ষায় আছে, ফুটবল আজ যেন আগের ম্যাচের কুৎসিত চেহারায় উপস্থিত না হয়। ‘এল ক্লাসিকো’ যেন নামের মর্যাদা রাখতে পারে। রয়টার্স, এএফপি।