তবুও উচ্ছ্বসিত নন মানচিনি
দীর্ঘ ৩৫ বছর পর চ্যাম্পিয়নস লিগের টিকিট পেয়েছে ম্যানচেস্টার সিটি। গতকাল টোটেনহামকে ১-০ গোলে হারিয়ে তারা নিশ্চিত করেছে আগামী মৌসুমের ইউরোপ সেরার লড়াইয়ে নিজেদের উপস্থিতি। এ দুর্দান্ত সাফল্যেও পর ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন ম্যান সিটি কোচ রবার্তো মানচিনি। তবে এখনই এ সাফল্য নিয়ে খুব বেশি মাতামাতি না করে এফএ কাপের ফাইনালের দিকে নজর দেওয়ার জন্য শিষ্যদের সতর্ক করে দিয়েছেন এই ইতালিয়ান কোচ।ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতি মৌসুমেই মোটামুটি ভালো পারফরম্যান্স দেখালেও কোন বারই চ্যাম্পিয়নস লিগে নিজেদের জায়গা করে নিতে পারেনি ম্যানচেস্টার সিটি। এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই লিগ শুরু করেছিল তারা। শেষ পর্যন্ত শিরোপাটা অধরা থেকে গেলেও সাফল্যটাকে একেবারে ছোট করে দেখছেন না কেউই। এখন লিগের বাকি দুটো ম্যাচ জিততে পারলে হয়তো তৃতীয় অবস্থানে থেকে লিগ শেষ করতে পারবে তারা। গতকাল টোটেনহামের বিপক্ষে জয়ের পর ম্যানচিনি বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়াটা আমাদের প্রথম লক্ষ্য ছিল। আমরা সেটা পেরেছি। আর আমি এতে খুবই খুশি। আমি খুবই গর্বিত কারণ সিটি সমর্থকদের আমরা আনন্দে ভাসাতে পেরেছি। এটা তাদের জন্যই হয়েছে।’তবে তৃতীয় স্থান নিশ্চিত করতে পারবেন কি না তা নিয়ে কিছুটা সংশয়ে আছেন মানচিনি। তার চেয়ে বরং এই মুহূর্তে স্টোক সিটির বিপক্ষে এফএ কাপের ফাইনালটার দিকেই বেশি নজর দিচ্ছেন তিনি। আগামী শনিবার ওয়েম্বলিতে শিরোপা জয়ের লড়াইয়ে স্ট্রোক সিটির মুখোমুখি হবে ম্যান সিটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচটা নিয়ে মানচিনি বলেছেন, ‘টোটেনহামের বিপক্ষে ম্যাচটায় আমাদের অনেক ঘাম ঝরাতে হয়েছে। স্টোক সিটির বিপক্ষে ম্যাচটাও খুব একটা সহজ হবে না। আমরা যদি এটাকে হালকা ভাবে নেই, তাহলে সেটা খুবই বড় ভুল হবে।’শনিবার এফএ কাপের ফাইনালে ম্যানসিটি সমর্থকেরা নিশ্চিতভাবেই মাঠে দেখতে চাইবে দলের প্রধান স্ট্রাইকার কার্লোস তেভেজকে। ইনজুরির কবলে পড়ে শেষ চারটি ম্যাচ মাঠের বাইরেই কাটিয়েছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তেভেজের মাঠে নামাটা যে খুব গুরুত্বপূর্ণ এটা স্বীকার করেছেন মানচিনিও। তবে এখনই এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।