তবু কেন মাশরাফি - উত্তরটা জানে ভিক্টোরিয়ানস

শচীন টেন্ডুলকারের আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’ বইয়ের অনুলেখক হিসেবে বোরিয়া মজুমদার বাংলাদেশে যতটা পরিচিত ছিলেন, তার চেয়ে শতগুণ পরিচিতি বেড়ে গেছে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে মন্তব্য করেই। বিবিসি বাংলার ওয়েবসাইটে তিনি বলেছেন, মাশরাফির অধিনায়কত্বের ভুলের কারণেই নাকি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ।
ভারতীয় এই ক্রিকেট বিশ্লেষকের মন্তব্যের পর আলোচনা-সমালোচনার ঝড় বইছে বাংলাদেশে। বেশির ভাগের সমালোচনার তির বোরিয়ার দিকেই। মাশরাফির দুর্দান্ত অধিনায়কত্বে গত দেড় বছরে বাংলাদেশ কী পেয়েছে, তা বলাটা চর্বিতচর্বণই হবে। বাংলাদেশের কাছে ‘২০১৫’ সোনার ফ্রেমে বেঁধে রাখার মতো একটি বছর হলো মাশরাফির কল্যাণে, এই যুক্তির বিরোধিতা করবেন কে?
চোটের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত ক্যারিয়ারের গোধূলিতে, পারফরমার হিসেবে নিজের সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন—সব জেনেও অধিনায়ক মাশরাফিকে তবু মাঠে দেখতে চান বাংলাদেশের দর্শকেরা। তাঁর ছায়াটাও যে বিপুল প্রভাববিস্তারী। দলের সব খেলোয়াড়কে নিপুণভাবে একসুতোয় গাঁথতে মাশরাফির বিকল্প কোথায়? আক্রমণাত্মক মানসিকতা, দুঃসময়ে সতীর্থদের আগলে রাখা, মাঠে-মাঠের বাইরে অভিভাবকের ভূমিকা—এমন নেতা ক্রিকেট–বিশ্বেই এখন কজন আছেন?
আবেগতাড়িত হয়ে নয়, মাশরাফির পক্ষে উচ্চকণ্ঠ হয়ে কথা বলবে পরিসংখ্যানই। বিপিএলে সাদামাটা এক দলকে কীভাবে অসাধারণ নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন, নিশ্চয় ভুলে যাননি। লোকাল আইকন হিসেবে মাশরাফিকে পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিকপক্ষ শুরুতে খুশি হতে পারেনি, এমন খবরও তাঁকে হজম করতে হয়েছিল। টুর্নামেন্টে শুরুও হয়েছিল হোঁচট খেয়ে। বিপিএলের ঢাকা-পর্ব শেষ হতেই আরেক দুঃসংবাদ—দলের অন্যতম সেরা বোলার সুনীল নারাইন খেলতে পারবেন না। এরপর চট্টগ্রাম-পর্বে আবার সেই পুরোনো শত্রু চোটের হানা।
এত কিছুর পরও শিরোপার হাসি হেসেছিল মাশরাফির ভিক্টোরিয়ানসই। মাশরাফি যে জাদুকর, সেটি বুঝতেও ভিক্টোরিয়ানস মালিকদের সময় লাগেনি। এমনকি এক ম্যাচে পরিস্থিতি এমন দাঁড়াল, চোটের কারণে বোলিং করতে পারবেন না মাশরাফি। তবু মালিকপক্ষ দলে তাঁকে চায়। বল করার দরকার নেই। মাশরাফি মাঠে থাকলেই হবে! বলেছিলেন, ‘তুমি শুধু অধিনায়কত্ব করার জন্য খেলো। বোলিং করা লাগবে না।’
ক্রিকেট ইতিহাসে জন্টি রোডস আলাদা পরিচয় দাঁড় করিয়েছিলেন। কেবল ফিল্ডিং দিয়ে হলেও একাদশে সুযোগ পাওয়ার যোগ্য—অনেক বড় সম্মান ছিল রোডসের জন্য। কিন্তু মাশরাফি? তিনি যেন অন্য উচ্চতায়! ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়েরও দরকার নেই, অধিনায়ক হিসেবে হলেও মাশরাফিকে চাই। মাশরাফির এই জাদুর খবর বোরিয়া কিংবা সুনীল গাভাস্কার নাও জানতে পারেন।
কিন্তু মাশরাফি নিজে এটা চান না। মাশরাফি দলে যোগ্যতা দিয়েই থাকতে চান। ২০১৫ সালের জানুয়ারি থেকে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট নেওয়া তিন বোলারের একজন তিনি। এ সময়ে টি-টোয়েন্টিতেও দলের সেরা চার বোলারের একজন। এটা সত্যি, আগের সেই ম্যাচ উইনার মাশরাফি নেই। কিন্তু অধিনায়ক হিসেবে তিনি যা দিয়ে যাচ্ছেন, সেটার অবদান ক্রিকেটে পরিসংখ্যানের নিক্তিতে মাপা যাবে না। নিরেট পরিসংখ্যানের সেই সাধ্যই নেই।
৬০টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ যে ২০টি জয় পেয়েছে, তার নয়টি মাশরাফির নেতৃত্বে। এই নয়টিই এসেছে গত এক বছরে! এক বছরে ব্যবধানে পাকিস্তানকে দুবার হারানো, টি-টোয়েন্টির আরেক শক্তিশালী দল শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া, এশিয়া কাপের ফাইনাল—ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও দলকে বদলে দিয়েছেন সেই মাশরাফি, যিনি রঙিন পোশাকের নেতৃত্ব নেওয়ার আগে কী খাবিই না খাচ্ছিল বাংলাদেশ! মাশরাফি দায়িত্ব নিলেন, আর সবকিছুই বদলে গেল জাদুমন্ত্রের মতো। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গিয়ে বাংলাদেশ ভাবল, সেমিফাইনালে যাওয়ার যোগ্য ছিল তারাই—মাত্র কয়েক মাস আগেও কে ভাবতে পেরেছিল!
মাশরাফি সেই অধিনায়ক, যিনি হাঁটুর তীব্র ব্যথা নিয়েও সবার আগে বল ধরতে ঝাঁপিয়ে পড়েন। দলে সেই বার্তাটা ছড়িয়ে দেন, নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়েই লড়াই করব। বাকিরা উজ্জীবিত হন, ঝাঁপিয়ে পড়েন। লড়াই করেন কাঁধে কাঁধ মিলিয়ে। এই মুহূর্তে দলের সেরা দুই খেলোয়াড় মাহমুদউল্লাহ আর তামিম ইকবাল নিজেরাই জানিয়েছেন, কীভাবে মাশরাফির ছোঁয়ায় বদলে গেছেন। মাশরাফি সিনিয়রদের থেকে সেরাটা বের করে আনেন, জুনিয়রদের আগলে রাখেন। তামিমরা তাঁকে পরম শ্রদ্ধা আর আস্থায় ‘ভাই’ বলেন; তাসকিনরা অবলীলায় চেস্ট বাম্প করতে এগিয়ে আসেন, মুস্তাফিজের কপালে এঁকে দেন স্নেহের চুমু; রুবেলরা পুরস্কার বিতরণী কিংবা সংবাদ সম্মেলনে ‘হ্যাপি’ খোঁচা মেনে নেন। মাশরাফি অধিনায়ক নন, মাশরাফি নেতা। মাশরাফি নেতাও নন; মাশরাফি পরিবারের সেই কর্তা, যার কারণেই পুরো পরিবার ‘সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল’র হ্যাপি এন্ডিং টানতে পারে।
গাভাস্কার-বোরিয়াদের সমালোচনাও মাশরাফি নিয়েছেন ইতিবাচকভাবে। বলেছেন, সমালোচকদের কাজ সমালোচনা করা। তাঁর কাজ খেলা। ক্রিকেট বিশ্লেষকেরা তো বিশ্লেষণ করবেনই। মাশরাফি মাঠে খেলেই এর উত্তর দেবেন।
আর মাশরাফি সেই আশ্চর্য জাদুকর, সেই পরশপাথর; যাকে বোঝাও হয়তো সবার সাধ্য নয়!
ওয়ানডেতে বাংলাদেশের সফল অধিনায়কেরা
| অধিনায়ক | ম্যাচ | জয় | পরাজয় | সাফল্যের হার |
| মাশরাফি বিন মুর্তজা | ২৮ | ২০ | ৮ | ৭১.৪২ |
| সাকিব আল হাসান | ৪৯ | ২৩ | ২৬ | ৪৬.৯৩ |
| হাবিবুল বাশার | ৬৯ | ২৯ | ৪০ | ৪২.০২ |
| মুশফিকুর রহিম | ৩৭ | ১১ | ২৪ | ৩১.৪২ |
| মোহাম্মদ আশরাফুল | ৩৮ | ৮ | ৩০ | ২১.০৫ |
টি-টোয়েন্টি
| অধিনায়ক
| ম্যাচ | জয় | পরাজয় | সাফল্যের হার |
| মাশরাফি বিন মুর্তজা
| ২১ | ৯ | ১১ | ৪৫.০০ |
| মুশফিকুর রহিম
| ২৩ | ৮ | ১৪ | ৩৬.৩৬ |
| মোহাম্মদ আশরাফুল
| ১১ | ২ | ৯ | ১৮.১৮ |
| শাহরিয়ার নাফীস
| ১ | ১ | ০ | ১০০.০০ |
| সাকিব আল হাসান
| ৪ | ০ | ৪ | ০.০০ |